আগামী ৩০ আগস্ট শুরু হবে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিন ম্যাচের টি-২০ সিরিজ। আগেই বলা হয়েছিল, পিতৃত্বকালীন ছুটির জন্য ওয়ানডে সিরিজে খেলবেন না ম্যাক্সওয়েল। টি-২০ সিরিজ খেলে দেশে ফিরে যাওয়ার কথা ছিল তার। কিন্তু চোটের থাবায় সেটাও খেলতে পারছেন না তিনি।
ডারবানে দলের সঙ্গে প্রথম ট্রেনিং সেশনেই বাঁ পায়ের অ্যাঙ্কেলে চোট পান ম্যাক্সওয়েল। খুব বেশি গুরুতর না হলেও আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগে তাকে নিয়ে ঝুঁকি নিতে চাচ্ছে না অস্ট্রেলিয়া।
.png)
আগামী ৫ অক্টোবরে ভারতে পর্দা উঠবে ওয়ানডের ত্রয়োদশ বৈশ্বিক আসরের। এর আগে সেখানে তিন ম্যাচের একটি ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেখানে ম্যাক্সওয়েলকে পাওয়ার আশা করছে দলটি।
ম্যাক্সওয়েলের বদলি হিসেবে অস্ট্রেলিয়ার টি-২০ দলে ডাক পেয়েছেন ম্যাথু ওয়েড। শুরুতে দলে সুযোগ না পাওয়া এই উইকেটরক্ষক-ব্যাটার এতদিন দা হান্ড্রেডে খেলছিলেন লন্ডন স্পিরিটের হয়ে।
অস্ট্রেলিয়ার হয়ে ৭৫ টি-টোয়েন্টি খেলেছেন ওয়েড। ২০২১ সালে দলটির প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে বড় অবদান রেখেছিলেন ৩৫ বছর বয়সী এই ক্রিকেটার।
বুধবার ডারবানে শুরু হবে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়ার তিন ম্যাচের টি-২০ সিরিজ। পরের দুই ম্যাচ শুক্র ও রোববার গড়াবে একই মাঠে। এরপর ৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে দুদলের মধ্যকার ওয়ানডে সিরিজ। পরের ম্যাচগুলো যথাক্রমে ৯, ১২, ১৫ ও ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।