দক্ষিণ এশিয়ার ‘বিশ্বকাপ’ টুর্নামেন্টে পাঁচ ম্যাচের মধ্যে দুটিতে জয় পেয়েছে বাংলাদেশ। একটি গ্রুপ পর্বের ম্যাচে, অন্যটি সুপার ফোরে। এবারের আসরে ভালো সুযোগ থাকলেও প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে টাইগাররা। তবে দুই জয়েই অনেক প্রাপ্তি দেখছেন টাইগার অলরাউন্ডার মেহেদী মিরাজ।
শনিবার দেশে ফিরে বিমানবন্দরে সংবাদমাধ্যমকে মিরাজ বলেন, ‘দুইটা জয়ে অনেক প্রাপ্তি। শেষ ম্যাচে যেভাবে খেলেছে ক্রিকেটাররা এবং তরুণেরা যেভাবে এগিয়ে এসেছে; তানজিমের অভিষেক হয়েছে, ও খুব ভালো বল করেছে। তাওহীদ ও সাকিব ভাই জুটি গড়েছে। লোয়ার অর্ডাররা কখনো অনেক রান করতে পারেনি। কিন্তু এই ম্যাচে তারা ঘুরে দাঁড়ানোর সামর্থ্য দেখিয়েছে। এটা দলের জন্য অনেক ইতিবাচক।’
.png)
ভারতের বিপক্ষে জয়ের পর অধিনায়ক সাকিবও ভালো অনুভূত করছেন বলে জানিয়েছেন মিরাজ। তিনি বলেন, ‘অধিনায়ক অবশ্যই খুব ভালো অনুভব করেছে। যেহেতু ভারতের সঙ্গে জিতেছি। অধিনায়ক সবাইকে অভিনন্দন জানিয়েছে। বিশেষ করে যারা জুনিয়র ক্রিকেটার, ওরা তো খুব ভালো খেলেছে।’
এবারের এশিয়া কাপে চোটের সমস্যা ভালোই ভুগিয়েছে বাংলাদেশ দলকে। ফলে কম্বিনেশনেও অনেক পরিবর্তন আনতে হয়েছে, যেটার সঙ্গে ভালোভাবেই জড়িয়েছেন মিরাজ। দলের প্রয়োজনে তাঁকে ভিন্ন পজিশনে খেলতে হয়েছে।
বিষয়টি নিয়ে মিরাজ বলেন, ‘এবার এশিয়া কাপে আমাকে বিভিন্ন রোল দেওয়া হয়েছে। এটা আসলে টিম কম্বিনেশনের কারণেই দেওয়া হয়েছে। কারণ, যদি ওপেনাররা সুস্থ থাকত প্রথম থেকে, তাহলে হয়তো আমি করতাম না। নিয়মিত যে ওপেনার ছিল, তারাই করত। হয়তো টিম কম্বিনেশনের জন্য আমাকে ওপরে খেলতে হয়েছে। আলহামদুলিল্লাহ, একটা ম্যাচে ভালো করেছি। সব মিলিয়ে আমি মনে করি এশিয়া কাপে ক্রিকেটারদের চোট খুব ভুগিয়েছে।’