এশিয়া কাপের ওয়ানডে ইতিহাসে রোববার দ্বিতীয় সর্বনিম্ন মাত্র ৫০ রান সংগ্রহ করে শ্রীলংকা। জবাবে কোনো উইকেট না হারিয়ে মাত্র ৬.১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। ১০ উইকেটের জয়ে লংকানদের লজ্জার ষোলকলা উপহার দিয়েছে মেন ইন ব্লুজ।
এর আগে, স্বাগতিক দেশের খেলা দেখতে স্টেডিয়ামে লংকানদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। গ্যালারি ছিল পূর্ণ। চোটজর্জরিত দল নিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে নামে দাসুন শানাকার দল। আর তাই ফাইনালে দারুণ একটা লড়াই দেখার স্বাদ ছিল সবার। কিন্তু এক সিরাজের তোপেই সব তছনছ হয়ে গেছে।
.png)
১২ রানে ৬ উইকেট হারানোর পর উঁকি দিচ্ছিল ওয়ানডে ইতিহাসে সর্বনিম্ন রানে (৩৫) অলআউটের শঙ্কাও। শেষ পর্যন্ত কুশল মেন্ডিসের ১৭ রানে ভর করে ৫০ রানে থামে লঙ্কানদের ম্যাচ। এর মধ্যেই ম্যাচের ঘণ্টা দেড়েক পার না হতেই মাঠ ছাড়া শুরু করেন লংকান ভক্তরা।
গণমাধ্যমের ফুটেজে দেখা গেছে, রাগে ক্ষোভে স্টেডিয়াম ত্যাগ করেন লংকান ভক্তরা। মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে যায় কলম্বোর স্টেডিয়াম।