ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

অবশেষে সমালোচনার জবাব দিলেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫২, ১৮ সেপ্টেম্বর ২০২৩
অবশেষে সমালোচনার জবাব দিলেন সাকিব
সাকিব আল হাসানের কাছ থেকে ওয়ানডে ক্যাপ নিচ্ছেন তরুণ পেসার তানজিম হাসান সাকিব। ছবি- সংগৃহীত

এশিয়া কাপের নিয়ম রক্ষার ম্যাচে ভারতের বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় তানজিম হাসান সাকিবের। যেখানে বল হাতে নিজের অভিষেক রাঙিয়েছেন তিনি। মূলত এরপর থেকেই আলোচনায় রয়েছেন এ ডানহাতি পেসার।

মাঠের পারফরম্যান্সের পাশাপাশি আরেকটি কারণে আলোচিত-সমালোচিত হচ্ছেন সাকিব। সামাজিক যোগাযোগ মাধ্যম দেওয়া পুরোনো ফেসবুক পোস্টের জেরে সমালোচনার মুখে পড়েছেন তিনি।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) কলম্বোতে এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ ও ভারত। ম্যাচটিতে ৬ রানে জয় পায় লাল-সবুজের দল। যেখানে শেষদিকে ব্যাট হাতে নেমে ৮ বল খেলে এক চার ও এক ছক্কার সাহায্যে ১৪ রান করেন তানজিম সাকিব। আর বল হাতে ৭.৫ ওভারে ১টি মেডেন ও ৩২ রান দিয়ে তুলে নিয়েছেন দুটি উইকেট। 

Advertisement

এই ম্যাচের পরেই নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে পড়েন তানজিম সাকিব। সামাজিক যোগাযোগমাধ্যমে তার কয়েকটি স্ট্যাটাসে নজর পড়ে নেটিজেনদের। সেগুলোতে নারীদের নিয়ে আপত্তিকর কথা বলার অভিযোগ ওঠে। 

এরপরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তানজিম সাকিব বলেন, ‘মৃত্যুকে সকলেরই মোকাবিলা করা লাগবে। কখন কে মারা যাবে, কেউ কিছু জানে না। আমি পরকালে সফল হতে না পারলে তো শেষ পর্যন্ত ব্যর্থই থেকে যাব। সুতরাং সেই হিসেব করে আমি ইসলামকে মেনে চলার চেষ্টা করি। চেষ্টা করি সবসময় ইসলামের মধ্যে থাকার জন্য। আর এই জিনিসটি আমাকে খেলার মধ্যেও অনেক সাহায্য করে।’ 

বাংলাদেশের তরুণ এই ক্রিকেটার আরো বলেন, ‘ইসলাম আমাকে শৃঙ্খলার মধ্যে থাকতে সাহায্য করে। তাতে মানসিকভাবে আমি শক্ত থাকতে পারি। আমার মানসিকতা অন্যদিকে যায় না। একটি নির্দিষ্ট জায়গায় নিজের মানসিকতা ধরে রাখতে পারি। সুতরাং এটি আমাকে দুনিয়া এবং আখিরাত-দুইদিক থেকেই সাহায্য করছে।’

তানজিম সাকিবের ভেরিফায়েড পেজে থাকা ২০২২ সালের ৯ সেপ্টেম্বরের একটি লেখা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সেই পোস্টে লেখা ছিল, ‘স্ত্রী চাকরি করলে স্বামীর হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে সন্তানের হক আদায় হয় না, স্ত্রী চাকরি করলে তার কমনীয়তা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে পরিবার ধ্বংস হয়, স্ত্রী চাকরি করলে পর্দা নষ্ট হয়, স্ত্রী চাকরি করলে সমাজ নষ্ট হয়। স্ত্রীকে যেই স্বামী বলে- আমার স্ত্রীর চাকরি করার দরকার নেই। আমি যা পাই তোমাকে খাওয়াব, সে তাকে রাজরানি হয়ে আছে। এখন সে রাজরানি না হয়ে কর্মচারী হতে চায়।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!