সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলন থাকলেও সেখানে যোগ দেননি তাসকিন। ফলে মঙ্গলবার মাঠে নামতে পারবেন কি না, সেটা এখনো নিশ্চিত নয়। যা নিয়ে কিছুটা অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে তাসকিন খেলতে পারবেন কি না, এ বিষয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘এটা নিশ্চিত নয়। এটা খাদ্যের বিষক্রিয়ার ব্যাপার। আশা করি, আজই ঠিক হয়ে যাবে। চোট নয়, সুতরাং খেলার বিষয়টি নির্ভর করে দুর্বলতার ওপর। যদি ক্লান্তি বা দুর্বলতা না থাকে, তাহলে খেলতে পারবে।’
.png)
এদিকে তাসকিনের অসুস্থতার কারণে দলের সঙ্গে থাকতে বলা হয়েছে পেসার খালেদ আহমেদকে। তিনি কিউেইদের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচের দলে থাকলেও তাসকিন, শরিফুলরা ফেরায় শেষ ম্যাচে তাকে রাখা হয়নি।
দলে না থাকলেও আজ মিরপুর স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলনে ছিলেন খালেদ। পুরোদমে বোলিং অনুশীলন করেছেন, একই সঙ্গে ফিল্ডিংও করেছেন। শেষ পর্যন্ত কালকের ম্যাচে তাসকিন খেলতে না পারলে থাকতে পারেন খালেদ।