প্রথমবারের মতো বিশ্বকাপে খেলা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন জুনিয়র সাকিব। ম্যাচ খেলার সুযোগ পেলে নিজের সেরাটা দিতে চান তিনি।
গণমাধ্যমকে তিনি বলেন, ‘ভালো লাগছে। (বিশ্বকাপে) সেরাটা খেলার চেষ্টা করব যদি ম্যাচ পাই, ইনশাআল্লাহ। দোয়া করবেন সবাই।’
স্কোয়াডে জায়গা পাওয়ার পর পরিবারের অনুভূতি কেমন জানতে চাইলে তরুণ এই পেসার বলেন, ‘হ্যাঁ, সবার সাথে কথা হয়েছে, জানিয়েছি। আম্মু খুব খুশি হয়েছে আলহামদুলিল্লাহ। আব্বু তো অনেক বেশি খুশি।’
.png)
এদিকে, বিশ্বকাপ দল ঘোষণার রাতে পর নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তানজিম সাকিবের বাবা গৌছ আলী। গণমাধ্যমের কাছে তিনি বলেন, ‘এইটা আল্লাহর হুকুম। আমার ছেলে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে। এটি ব্যক্তিগতভাবে আমার জন্য খুবই আনন্দের বিষয়। সবার কাছে আমি দোয়া চাই যেন সে যেভাবে বিশ্ব যুবকাপ জয় করে সারা বাংলাদেশের মানুষকে আনন্দে ভাসিয়েছিল, ঠিক তেমনি এবারের বিশ্বকাপ জিতেও একইভাবে সারাদেশের মানুষকে আনন্দ দিতে পারে।’
উল্লেখ্য, বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ক্রিকেট দলের হয়ে ২০১৬ সালে ভারত এবং অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ২০১৯ সালে ইংল্যান্ড ও শ্রীলংকায় ত্রিদেশীয় সিরিজ খেলেছিলেন সাকিব। পরে ২০২০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনাল ম্যাচে দারুণ বোলিং নৈপুণ্য প্রদর্শন করে বাংলাদেশের শিরোপা জয়ে অনন্য অবদান রেখেছিলেন এ ডানহাতি পেসার।