টাইগারদের চ্যালেঞ্জ মানছেন উইলিয়ামসন
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল নিউজিল্যান্ড। পরের ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়েছে কিউইরা। এতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে দলটি। এমন পরিস্থিতিতে স্বস্তির হাওয়া বইছে গত আসরের রানার্স আপ দলটির ডেরায়।
শুক্রবার ‘স্পিন স্বর্গ’ খ্যাত চেন্নাইয়ে নিজেদের তৃতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। স্বাভাবিকভাবেই পরিসংখ্যান কিংবা শক্তিমত্তার বিচারে এগিয়ে থেকেই মাঠে নামবে ব্ল্যাকক্যাপসরা।
এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে হাজির হন কিউইদের অধিনায়ক কেন উইলিয়ামসন। এ সময় তিনি বলেন, চেন্নাইয়ের ম্যাচে বাংলাদেশকে চ্যালেঞ্জ মানছেন ব্লাকক্যাপসরা।
কিউই দলপতির মতে, উপমহাদেশের দল হওয়ার চেন্নাইয়ের উইকেট থেকে বাড়তি সুবিধা নিতে পারে বাংলাদেশ। তাছাড়া সাকিব, মিরাজ ও মাহেদীর মত স্পিনাররা ম্যাচে পার্থক্য গড়ে দিতে পারে।
বাংলাদেশকে চ্যালেঞ্জ মেনে উইলিয়ামসন বলেন, ‘আমরা জানি, অন্য প্রতিটি ম্যাচের মতই আগামীকালের ম্যাচটা চ্যালেঞ্জিং হবে। এটা লম্বা টুর্নামেন্ট, এখানে যে কেউ যে কাউকে হারাতে পারে। এটা জেনেই আমরা এখানে এসেছি এবং এটাই টুর্নামেন্টের উত্তেজনার বিষয়। এছাড়া এখানকার কন্ডিশনও বদলে যায়। আমরা উইকেট দেখেছি, উইকেটে ভিন্নতা আছে। স্পিনাররা এখানে কিছুটা সুবিধা পাবে।’
বর্তমান সময়ের সেরা ব্যাটারের ভাষ্যে, ‘দুই দলেই ভালো স্পিনার আছেন। যারা কালকের ম্যাচে প্রভাব রাখতে পারে। আমদের অবশ্যই পরিকল্পনায় স্থির থাকতে হবে। রোল অনুযায়ী খেলতে হবে এবং সেরাটা দিতে হবে।’