সেই ভুলের জন্য ‘ক্ষমা’ চাইলেন পাকিস্তানি নারী সঞ্চালক
গত ৫ অক্টোবর ভারতের বেজে উঠেছে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের দামামা। দর্শকশূন্য গ্যালারিতে বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হলেও মাঠের লড়াই বেশ জমে উঠেছে। এরই মধ্যে সবকটি দল নিজেদের কোটার দু’টি করে ম্যাচ খেলে ফেলেছে।
এবারের বিশ্বকাপে বিভিন্ন প্রোগ্রাম সঞ্চালনার জন্য ভারতে পাড়ি দিয়েছিলেন পাকিস্তানের জনপ্রিয় উপস্থাপিকা জয়নব আব্বাস। তবে বিশ্বকাপ চলাকালীনই হঠাৎই ভারত ছাড়েন তিনি। সে সময় বিষয়টি নিয়ে তেমন কিছুই জানা যায়নি।
এতদিন বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছিলেন খোদ জয়নব আব্বাসও। অবশেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক বার্তায় তিনি জানিয়েছেন কেন ভারত ছাড়তে হয় তাকে।
.png)
মূলত ‘হিন্দুবিরোধী ও ভারতবিদ্বেষী’ মন্তব্যের অভিযোগ উঠেছিল জয়নবের বিরুদ্ধে। আর নিজের অতীতের সেই পোস্টের জন্য ক্ষমাও চেয়েছেন এ পাকিস্তানি উপস্থাপিকা।
তিনি লিখেছেন, ‘আমাকে ভারত ছাড়তে বলা হয়নি, সেখান থেকে বেরও করে দেওয়া হয়নি। এমনকি আমার ওপর কোনো নিরাপত্তা হুমকিও ছিল না। তবে আমার পরিবার ও সীমান্তের দুই প্রান্তের বন্ধুবান্ধবেরা আমার নিরাপত্তা নিয়ে চিন্তিত ও বিচলিত হয়ে পড়েছিলেন। তবে যা ঘটেছে, সেটির ওপর আলোকপাত করার জন্য আমার কিছুটা সময়ের প্রয়োজন হয়েছিল।’
সামাজিক যোগাযোগমাধ্যমে যে পোস্টের জন্য এত কিছু, সেটি নিয়ে দুঃখই প্রকাশ করেছেন জয়নাব, ‘আমার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে অনেকেই ব্যথিত হয়েছেন, সে জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি স্পষ্ট করতে চাই, আমি মনেপ্রাণে যা বিশ্বাস করি, আমি ব্যক্তি হিসেবে যা, তা এই পোস্টে প্রতিফলিত হয়নি।’
আরো পড়ুন: যে কারণে ভারত ছাড়লেন পাকিস্তানের উপস্থাপিকা
যদিও নিজের পোস্ট যে অনুচিত ছিল, সেটি স্বীকার করেছেন জয়নব, ‘এ ধরনের ভাষা কিংবা বক্তব্যের কোনো জায়গা কোথাও হতে পারে না। সেই পোস্টে যারা আঘাত পেয়েছেন, আমি তাদের কাছে আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। একই সঙ্গে আমার এই কঠিন সময়ে যারা আমার নিরাপত্তা নিয়ে ভেবেছেন, যারা আমার সঙ্গে যোগাযোগ রেখেছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।’
জয়নব আব্বাসের ঐ পোস্টকে ঘিরে দিল্লির একটি আদালতে সাইবার আইনে অভিযোগ করেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল।
গত ৫ অক্টোবর করা সেই অভিযোগে জিন্দাল বলেন, ভারত ও একটি নির্দিষ্ট ধর্মের বিরুদ্ধে কথা বলেছেন জয়নব আব্বাস। ভারতীয় ক্রিকেট বোর্ড এবং আইসিসিকেও ব্যাপারটি জানিয়েছেন বিনীত।
শুধু তাই নয়, জয়নবকে বিশ্বকাপের কাজ থেকে সরিয়ে দেওয়ারও অনুরোধ করেন জিন্দাল। দিল্লি পুলিশকে ভারতীয় দণ্ডবিধির ১৫৩-এ, ২৯৫, ৫০৬, ১২১ ধারায় তার বিরুদ্ধে মামলা করার অনুরোধ করেন তিনি। একই সঙ্গে তথ্যপ্রযুক্তি আইনের ৬৭ ধারাও প্রয়োগ করতে বলেছেন।
এদিকে জয়নব ভারত ত্যাগের পর জিন্দাল এক্সে লেখেন, ‘অনেক বড় জয় পেয়েছি। জয়নব আব্বাসকে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে।’