‘পাকিস্তানের চেয়ে ভারত বেশি চাপে থাকবে’
আগামী ১৪ অক্টোবর বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। চির প্রতিদ্বন্দ্বী এ দুই দলের লড়াই দেখতে মুখিয়ে আছেন সাবেক ক্রিকেটার থেকে শুরু করে সমর্থক ও বিশ্লেষকরা।
ম্যাচটি নিয়ে পাকিস্তানের সাবেক তারকা পেসার ওয়াকার ইউনুস বলেন, আহমেদাবাদে পাকিস্তানের চেয়ে ভারত বেশি চাপে থাকবে।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে দর্শকদের ধারণক্ষমতা এক লাখ ৩২ হাজার। পাক-ভারত ম্যাচে স্টেডিয়ামের গ্যালারি কানায় কানায় পরিপূর্ণ থাকবে। যেখানে ভারতীয় সমর্থকরাই থাকবে বেশি।
যে কারণে এবারের দ্বৈরথে স্বাগতিক ভারতই বেশি চাপে থাকবে বলে মনে করেন পাকিস্তানের সাবেক পেসার ওয়াকার ইউনুস, ‘ভারত-পাকিস্তান ম্যাচে আলাদা চাপ চলে আসে। নিজেদের সমর্থকদের সামনে খেলবে বলে এবার ভারত একটু বেশিই চাপে থাকবে।’
এই ম্যাচের আগে দুই দলই নিজেদের শেষ দুই ম্যাচই জিতে এসেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর আফগানিস্তানকে স্রেফ উড়িয়ে দিয়েছে ভারত।
ডাচদের পর শ্রীলংকার বিপক্ষে রেকর্ড গড়ে জিতেছে পাকিস্তান। এতে বাবর আজমদের আত্মবিশ্বাস থাকবে উঁচুতে জানিয়ে ওয়াকার বলেন, ‘শ্রীলংকার বিপক্ষে জয়ের পর পাকিস্তানের আত্মবিশ্বাস অনেক বেড়েছে। আশা করছি, রোমাঞ্চকর ম্যাচ হতে চলেছে।’
ওয়ানডে বিশ্বকাপে কখনোই ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। এখন পর্যন্ত সাতবারের দেখায় প্রতিবারই জয়ের হাসি হেসেছে ভারত। অষ্টম দেখায় কি পাকিস্তান গেরো খুলতে পারবে?