আগের চার বিশ্বকাপে তিনটি করে জয়ের স্বাদ পেয়েছিল বাংলাদেশ। তাই চলতি বিশ্বকাপে বড় স্বপ্ন বুনেছিল টিম টাইগার্স। তবে সেই স্বপ্ন যাত্রা আটকা পড়েছে যদি-কিন্তুর সমীকরণে।
চলমান বিশ্বকাপে খুব একটা স্বস্তিতে নেই টাইগাররা। টানা তিন ম্যাচে হেরে খানিকটা ব্যাকফুটে চলে গেছে তারা। তবে অন্য দলগুলোর বাজে পারফরম্যান্সের কারণে এখনো শেষ চারের দৌড়ে টিকে আছে টাইগাররা। লাল-সবুজের দলপতি সাকিব নিজেও বিষয়টি স্বীকার করেছেন।
.png)
তার মতে, ‘আমরা খুব বেশি ম্যাচ জিতিনি। পয়েন্ট টেবিল দেখলে মনে হবে না, আমরা খুব বেশি বাজে অবস্থায় আছি সত্যি কথা। অন্যান্য দল আমাদের সাহায্য করছে। এখন আমাদের দায়িত্ব আমাদের নিজেদের সাহায্য করা।’
পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের জয় বাংলাদেশকে আরো বড় চাপে ফেলে দিয়েছে। পরের চার ম্যাচের মধ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে অনেকটাই ফেবারিট আফগানরা। ওই ম্যাচে জয় পেলে রশিদ-নবিদের পয়েন্ট দাঁড়াবে ৬-এ।
আর এক্ষেত্রে বাধ্যতামূলক চারটি ম্যাচ জিততেই হবে বাংলাদেশকে। এছাড়া রানরেটের মারপ্যাঁচেও এগিয়ে থাকতে হবে টাইগারদের।
এদিকে বেশ কিছু ম্যাচে জয়ের প্রত্যাশা নিয়েই মাঠে নামবে শ্রীলংকা-ইংল্যান্ডও। সেখানকার ফল বাংলাদেশের বিপক্ষে গেলে শেষ চারের স্বপ্ন ফিকে হয়ে যাবে সাকিব বাহিনীর। পয়েন্ট টেবিলের সুবিধাও পাবে না লাল-সবুজেরা।
এ মুহূর্তে টেবিলের সাতে আছে বাংলাদেশ। পরপর দুই ম্যাচ জিতে ৪ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ওপরে উঠে এসেছে আফগানরা। সাকিবদের সমান পয়েন্ট আছে আরো তিন দলের। নেদারল্যান্ডস, ইংল্যান্ড, শ্রীলংকা; এর মধ্যে দুই দলের বিপক্ষে এখনো মাঠে নামেনি বাংলাদেশ।