ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এক বিশ্বকাপে রেকর্ড চতুর্থ সেঞ্চুরির মালিক ডি কক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:১৩, ১ নভেম্বর ২০২৩
এক বিশ্বকাপে রেকর্ড চতুর্থ সেঞ্চুরির মালিক ডি কক
ছবি: সংগৃহীত

চলমান বিশ্বকাপ শুরু আগেই জানিয়েছিলেন এই বিশ্বকাপ খেলেই ওয়ানডে ক্রিকেটকে ইতি টানবেন দক্ষিণ আফ্রিকার উইকেটকিপার ব্যাটার কুইন্টন ডি কক। শেষ আসরে বিদায়ের মঞ্চটা রাঙিয়ে যাচ্ছেন তিনি। শ্রীলংকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা সেঞ্চুরির পর বাংলাদেশ এবং সর্বশেষ আজ নিউজিল্যান্ডের বিপক্ষেও তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছালেন তিনি। তাতে নতুন রেকর্ডের পাশে নাম লেখালেন তিনি। 

এক বিশ্বকাপে চার সেঞ্চুরির রেকর্ডে লংকান কিংবদন্তি কুমার সাঙ্গাকারার (২০১৫ বিশ্বকাপ) পাশে বসলেন ডি কক। আর একটি সেঞ্চুরি হলেই ছুঁয়ে ফেলবেন রোহিত শর্মার এক আসরে (২০১৯ বিশ্বকাপ) সর্বোচ্চ পাঁচ সেঞ্চুরির রেকর্ড। মজার ব্যাপার হচ্ছে, এবারের আগে বিশ্বকাপে ডি ককের শতরানের ইনিংস ছিল না একটিও। 

শুধু এখানেই থেমে থাকেননি, এক বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রানের রেকর্ডটাও এখন ডি ককের দখলে। এ ছাড়া চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ রানের (৫৪৫ রান) মালিকও প্রোটিয়া এই ওপেনার। 

Advertisement

শ্রীলংকার বিপক্ষে ঠিক ১০০ রান দিয়ে টুর্নামেন্ট শুরু করেন ডি কক। অস্ট্রেলিয়ার বিপক্ষে পরের ম‍্যাচে করেন ১০৯। এরপর নেদারল্যান্ডস ও ইংল্যান্ডের বিপক্ষে হাসেনি তার ব্যাট, যথাক্রমে ২০ ও ৪ রানে আউট করেন ডি কক। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও রানে ফেরেন তিনি। ওই ম্যাচে ১৭৪ রানের ইনিংসের পর পাকিস্তানের বিপক্ষে করেন ২৪ রান।

আজ আবারও হেসেছে ডি ককের ব্যাট। ইনিংসের ৩৬ ওভারের শেষ বলে জিমি নিশামকে ছক্কা হাঁকিয়ে ১০৩ বলে চলতি আসরে নিজের চতুর্থ শতরান পূর্ণ করেন ডি কক। ওয়ানডে ক্যারিয়ারে এটি তার ২১ তম হান্ড্রেড। দক্ষিণ আফ্রিকান ব্যাটারদের মধ্যে তার চেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল এবি ডি ভিলিয়ার্স (২৫) ও হাশিম আমলার (২৭)।

ডেইলি-বাংলাদেশ/এএসএম
লিংক সফলভাবে কপি হয়েছে!