ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

লিটন দাসের ওপর চটেছে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৩, ৮ নভেম্বর ২০২৩
লিটন দাসের ওপর চটেছে বিসিবি
লিটন দাস

বিশ্বকাপ চলাকালীন দ্বিতীয় দফায় দেশে ফিরেছেন টাইগার ওপেনার লিটন দাস। মূলত সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই মঙ্গলবার ঢাকায় পা রাখেন এ উইকেটরক্ষক-ব্যাটার।

এর আগে গত ৩১ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে দেশে এসেছিলেন লিটন। সেই সময়ে দুই দিনের ছুটি কাটিয়ে ৩ নভেম্বর রাতে দিল্লিতে দলের সঙ্গে যোগ দেন তিনি।

এবার শ্রীলংকার বিপক্ষে খেলে আবারো ঢাকায় এসেছেন লিটন। অবশ্য বিষয়টি মোটেও সহজভাবে নেয়নি দেশের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

Advertisement

বিসিবি সময় বেঁধে দিয়েছে, বৃহস্পতিবারের মধ্যে লিটনকে পুনেতে গিয়ে দলের সঙ্গে যোগ দিতে হবে। সেই সঙ্গে সেদিন তাকে অনুশীলনও করতে হবে।

দলীয় সূত্রে জানা গেছে, দিল্লিতে চন্ডিকা হাথুরুসিংহের কাছে ঢাকায় আসার জন্য ছুটি চেয়েছিলেন লিটন। সে সময়ে কোচ লিটনকে বলেছিলেন, বিসিবি রাজি থাকলে তার (হাথুরু) আপত্তি নেই। এরপর টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনের দ্বারস্থ হন উইকেটকিপার এ ব্যাটার।

সুজনই লিটনের ছুটি মঞ্জুর করেন। তার ছুটি নিয়ে আপত্তি তোলা হলেও যুক্তি দেখিয়ে ছুটি পেয়ে যান। সে সময়ে ধারণা করা হয়, জোর করে রেখে দেওয়া হলে অনুশীলন আর খেলায় মন বসাবেন না তিনি। এর চেয়ে দেশে গিয়েই ফেরা ভালো।

মানবিক দিক বিবেচনা করে লিটনের ছুটি মিললেও বিষয়টি নিয়ে বিরক্ত বিসিবি। সংবাদমাধ্যমে লিটনের দেশে আসার খবর দেখে বিসিবি বস নাজমুল হাসান পাপনও চটেছেন। শর্ত মেনে লিটন দিল্লিতে না ফিরলে তার ব্যাপারে কঠোর হতে পারে বিসিবি।

এদিকে গুঞ্জন রয়েছে, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকেও ছুটি চেয়েছেন লিটন। তবে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুসের ভাষ্য, খবরটি সঠিক নয়।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
ট্যাগ: লিটন দাস
লিংক সফলভাবে কপি হয়েছে!