বুধবার পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ইংল্যান্ড। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। তার আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ড দলপতি জস বাটলার।
ডাচ বধের মিশনে দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ইংল্যান্ড। মার্ক উড ও লিয়াম লিভিংস্টোনের পরিবর্তে একাদশে ফিরেছে হ্যারি ব্রুক ও গাস অ্যাটকিনসন। অন্যদিকে সাকিব জুলফিকারের পরিবর্তে ডাচ শিবিরে ফিরেছেন তেজা নিদামানুরু।
.png)
এবারের বিশ্বকাপ মাঠে গড়িয়েছে দশ দলের অংশগ্রহণে। তবে বাজে পারফরম্যান্সের কারণে বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডের অবস্থান পয়েন্ট টেবিলের তলানিতে। এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে তারা। ফলে তাদের ঝুলিতে রয়েছে মাত্র দুই পয়েন্ট তাদের। সে তুলনায় সুবিধানজক অবস্থায় আছে নেদারল্যান্ডস।
আজকের ম্যাচে জয় নেদারল্যান্ডসের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা অনেকটা নিশ্চিত করে দেবে। শুধু তাই নয়, ডাচদের এই জয় ক্রিকেট ইতিহাসে স্থান করে নেবে। ইংল্যান্ডের জয় পয়েন্ট টেবিলে দারুণ প্রতিদ্বন্দ্বিতা ফিরিয়ে আনবে। পয়েন্ট টেবিলের সর্বনিম্ন দুই স্থান এড়ানোর জন্য তীব্র প্রতিদ্বন্দ্বিতা তৈরি হবে। বাংলাদেশ, শ্রীলংকা, নেদারল্যান্ডস ও ইংল্যান্ড- চার দলের পয়েন্ট হবে চার।
পরিসংখ্যান অবশ্য আজকের ম্যাচে ইংল্যান্ডকেই এগিয়ে রাখছে। এখন পর্যন্ত উভয় দল ছয়বার মুখোমুখি হয়েছে। প্রতিবারই ইংল্যান্ড জয় পেয়েছে। এর মধ্যে তিনবারই বিশ্বকাপে। ১৯৯৬, ২০০৩ ও ২০১১ বিশ্বকাপে নেদারল্যান্ডসকে হারিয়েছে ইংল্যান্ড। তবে এবারের টুর্নামেন্টে ইংল্যান্ডের জন্য পরিসংখ্যান খুব একটা কাজে আসছে না।
বর্তমান চ্যাম্পিয়নদের এখন সবার নিচে থেকে বিশ্বকাপ শেষ করার শঙ্কা তৈরি হয়েছে। সেই শঙ্কাপূর্ণ ম্যাচে পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামতে পারছে না ইংল্যান্ড। হাঁটুর ইনজুরির কারণে মার্ক উড খেলতে পারবেন না। নেদারল্যান্ডস দলেও এসেছে এক পরিবর্তন।
ইংল্যান্ড একাদশ: জনি বেয়ারস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, মঈন আলী, ক্রিস ওকস, ডেভিড উইলি, গাস অ্যাটকিনসন ও আদিল রশিদ।
নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ও’দৌদ, ওয়েসলি বারেসি, কলিন অ্যাকারম্যান, সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), তেজা নিদামানুরু, বাস ডি লিড, লোগান ফন বিক, রোলেফ ফন ডার মারওয়ে, আরিয়ান দত্ত ও পল ফন মিকেরেন।