বিশ্বকাপ জয়ের পর প্রথম হার আর্জেন্টিনার, যা বললেন মেসি
বিশ্বকাপ জয়সহ টানা ১৪ ম্যাচ জিতে উড়তে থাকা আর্জেন্টিনাকে রীতিমত মাটিতে নামাল উরুগুয়ে। ২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে উরুগুয়ের কাছে ২-০ গোলে হেরেছে আলবিসেলেস্তেরা। এমন হারের পর অধিনায়ক লিওনেল মেসি প্রতিপক্ষকেই সব ক্রেডিট দিলেন। আর কোচ স্ক্যালোনি জানালেন, আমরা অপ্রতিরোধ্য নই।
বিশ্বকাপের গ্রুপ পর্বে সৌদি আরবের কাছে ২-১ গোলে হারের পর টানা ১৪ ম্যাচে জয় পেয়েছে আর্জেন্টিনা। এ ছাড়া বিশ্বকাপ বাছাইয়ে টানা চার জয়ের পর প্রথমবার হোঁচট খেলো আর্জেন্টিনা। যদিও ১২ পয়েন্ট নিয়ে শীর্ষেই আছে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
উরুগুয়ের কাছে হার নিয়ে ম্যাচশেষে আর্জেন্টিনার অধিনায়ক নিওনেল মেসি বলেন, ‘আমরা জানতাম যে, কী ধরনের ম্যাচ খেলতে যাচ্ছি। আমাদের জন্য কঠিন ছিল খেলা। খেলার প্রতি তাদের একাগ্রতা ছিল চরমে। মাঝমাঠে শারীরিকভাবে শক্তিশালী ও দ্রুতগতির খেলোয়াড় রয়েছে তাদের। আমরা একদমই স্বাচ্ছন্দ্যবোধ করিনি। যে কারণে তাদের খেলা আমাদেরও গতি বাড়িয়ে দেয়।’
.png)
উরুগুয়ের আর্জেন্টাইন কোচ মার্সেলো বিয়েলসাকেই ক্রেডিট দিলেন মেসি। বলেন, ‘আপনি দেখছেন তারা কার (মার্সেলো বিয়েলসা) হাতে আছে। সব দল কিংবা ক্লাব এমনকী আর্জেন্টিনা দলেও তার ছাপ খুঁজে পাবেন আপনি। তারা খুব ভালো খেলেছে। আমাদের হারতেই হতো। এটাও একটা পরীক্ষা।’