ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ক্যারিয়ার ইস্যুতে বিকেলে কথা বলবেন তামিম

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৪, ২৭ নভেম্বর ২০২৩
ক্যারিয়ার ইস্যুতে বিকেলে কথা বলবেন তামিম
তামিম ইকবাল। ফাইল ফটো

বাংলাদেশ ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিতে সোমবার বিসিবি সভাপতির সঙ্গে বৈঠকে বসেছিলেন তামিম ইকবাল। বৈঠক শেষে নাজমুল হাসান পাপনের বাসা ছাড়েন টাইগারদের সাবেক এ দলপতি। সে সময় গণমাধ্যমে কথা না বললেও আজ বিকেল ৫টায় ক্যারিয়ার ইস্যুতে কথা বলবেন দেশসেরা এ ওপেনার।

সোমবার বেলা ১২টায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের গুলশানের বাসায় যান তামিম ইকবাল। সেখানে ঘন্টাখানেকেরও বেশি সময় ধরে চলে তামিম-পাপনের রুদ্ধদ্বার বৈঠক। পাপনের বাসভবন থেকে বেলা দেড়টার কিছুক্ষণ পরই বের হয়ে যান তামিম। তখন গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি এই অভিজ্ঞ ওপেনার।

তামিম কথা না বললেও কথা বলেছেন পাপন। জানিয়েছেন কবে নাগাদ মাঠে ফিরবেন তামিম। বিসিবি সভাপতি বলেন, ‘বিপিএলের পর তামিমের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। তার আগে সে ফিরবে না। আমার মেয়াদ শেষের দিকে, দায়িত্ব ছাড়ার আগে বেশকিছু কঠিন সিদ্ধান্ত নিতে চাই।’

Advertisement

এদিকে বিসিবি সভাপতির পদ ছাড়ার আগে সব গুছিয়ে যেতে চান পাপন। তিনি বলেন, ‘আমি বেশিদিন নাই। এই টার্মটা তো আর বেশি দিন নাই। এরপর আর এক বছর আছে। যাওয়ার আগে অবশ্যই আমি দলটা ঠিক করে যাবো। যা যা করা দরকার এটা আমি করে যাবো। সেটা ঠিক হবে কি না আমি জানি না। আমি যেটা মনে করি করা দরকার, ওটা করবো।’

সবশেষ ঘরের মাঠে অনুষ্ঠিত নিউজিল্যান্ড সিরিজে জাতীয় দলের হয়ে খেলেন তামিম ইকবাল। তবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলেননি তিনি। এরপর থেকে আর জাতীয় দলের হয়ে দেখা যায়নি তামিমকে। এছাড়া বাংলাদেশের বিশ্বকাপ দলে না থাকার পর থেকেই ক্রিকেট থেকে অনেকটা দূরে আছেন এ টাইগার ওপেনার।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!