ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কেন নেতৃত্ব হারালেন বাবর? পিসিবি প্রধানের ফোনালাপ ফাঁস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩:৪৬, ২০ ডিসেম্বর ২০২৩
কেন নেতৃত্ব হারালেন বাবর? পিসিবি প্রধানের ফোনালাপ ফাঁস
বাবর আজ়ম

বিশ্বকাপে ভরাডুবির পর নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বাবর আজ়ম। ঠিক কী কারণে বা কোন পরিস্থিতিতে তাকে নেতৃত্ব ছাড়তে হয়েছে, তা জানাননি বাবর। মুখ খোলেননি পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কোনো কর্তাও। সম্প্রতি জানা গেছে বাবরের নেতৃত্ব হারানোর কারণ।

পিসিবি চেয়ারম্যান জ়াকা আশরাফের সঙ্গে এক নারীর ফোনালাপের অডিও ভাইরাল হয়েছে। ২ মিনিট ১৫ সেকেন্ডের সেই অডিও থেকে জানা গিয়েছে বাবরের নেতৃত্ব ছাড়ার কারণ। বাবরকে টেস্ট দলের অধিনায়ক থাকার জন্য অনুরোধ করেছিলেন পিসিবি প্রধান। বাবর নাকি জাতীয় দলের আট জন সতীর্থকে নিয়ে একটি গ্রুপ তৈরি করেছিলেন। বিশেষ এক জনের নির্দেশেই সব ধরনের ক্রিকেটেই নেতৃত্ব ছেড়ে দেন।

ভাইরাল হওয়া অডিওতে ওই নারীকে বলতে শোনা গিয়েছে, ‘‘আমরা ক্রিকেটপ্রেমী। আমরা দেখছি বাবর ওর বন্ধুদের পাশে দাঁড়াচ্ছে। বিশেষ করে শাদাব খানের মতো ওর ঘনিষ্ঠদের পাশে। অথচ দলে ওর জায়গা পাওয়াই উচিত নয়।’’

Advertisement

নারীর বক্তব্যের জবাবে আশরাফকে বলতে শোনা গিয়েছে, ‘‘এই জন্যই পাকিস্তানের ক্রিকেটের ক্ষতি হচ্ছে।’’ আর এক জনের কথা শোনা গেছে। তিনি বলেছেন, ‘‘হাসান আলিরও দলে জায়গা পাওয়া উচিত নয়।’’ উত্তরে আশরাফ বলেন, ‘‘হাসানও বাবরের খুব ভালো বন্ধু।’’ এর পর পিসিবি প্রধান আরও বলেছেন, ‘‘তালহা বলে এক জন এজেন্ট আছে। জাতীয় দলের আট জন ক্রিকেটারকে সে নিয়ন্ত্রণ করে। ক্রিকেটারদের সঙ্গে ওর চুক্তি রয়েছে। ছেলেটি খুব চতুর। ক্রিকেটারদের বাড়ি গিয়ে গিয়ে ওদের এবং পরিবারের সঙ্গে দারুণ সম্পর্ক গড়ে তুলেছে। ক্রিকেটারেরাও ওর কথা ছাড়া কিছু করে না। মনে হয় ছেলেটার পুরো নাম তালহা ওসমানি। আমি অবশ্য ওর নামটা ঠিক জানি না।’’

বিশ্বকাপের পর বাবরের সঙ্গে কী কথা হয়েছিল? পিসিবি চেয়ারম্যান বলেছেন, ‘‘বাবরকে বলেছিলাম, তোমারই টেস্ট দলের অধিনায়ক থাকা উচিত। তোমাকে শুধু সাদা বলের ক্রিকেটের নেতৃত্ব ছাড়তে বলছি। এটা শোনার পর বাবর আমাকে বলে, ‘ঠিক আছে। বাড়িতে একটু আলোচনা করি। তার পর আপনাকে আমার সিদ্ধান্ত জানাব।’ এর পরেই বাবর ফোন করে তালহা নামের ছেলেটাকে। বিষয়টা নিয়ে তার সঙ্গে আলোচনা করে। তালহাই ওকে সব ধরনের ক্রিকেটের নেতৃত্ব ছেড়ে দেওয়ার পরামর্শ দেয়।’’

এর পরের ঘটনাও শোনা গিয়েছে ভাইরাল হওয়া ফোনালাপে। আশরাফকে বলতে শোনা গিয়েছে, ‘‘আমার একটা দ্বিতীয় পরিকল্পনা তৈরি ছিল। বাবরের উত্তর শুনেই অন্য এক জনকে বলেছিলাম, ভাই এখন থেকে তুমিই অধিনায়ক।’’ এর পর শোনা গিয়েছে সেই নারীর কথা। তিনি প্রশ্ন করেন, ‘‘আপনি কি শান মাসুদকে বলেছিলেন কথাটা?’’ আশরাফ আবার বলেন, ‘‘না, সাদা বলের ক্রিকেটে অধিনায়ক হওয়ার জন্য শাহিন আফ্রিদিকে ফোন করেছিলাম।’’ মহিলা বলেন, ‘‘শাহিন ভালো, কিন্তু মোহামম্মদ রিজ়ওয়ান কি বেশি ভালো হত না সাদা বলের জন্য?’’ উত্তরে আশরাফ বলেন, ‘‘আমিও রিজ়ওয়ানকে পছন্দ করি। কিন্তু রিজ়ওয়ানও বাবর এবং তালহার অত্যন্ত ঘনিষ্ঠ।’’ পিসিবি চেয়ারম্যান বুঝিয়ে দিয়েছেন, বাবরের ঘনিষ্ঠ হওয়ার কারণেই রিজ়ওয়ানকে অধিনায়ক করতে চাননি।

ডেইলি-বাংলাদেশ/SA
লিংক সফলভাবে কপি হয়েছে!