নিজের উত্তরসূরির নাম জানালেন ওয়ার্নার
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে সাদা পোশাকের ক্রিকেটকে বিদায় বলবেন অস্ট্রেলিয়ান তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার। এমন ঘোষণা তিনি আগেই দিয়েছিলেন। তবে সিরিজ শুরুর পর থেকেই কথাটা আলোচিত হচ্ছে। ওয়ার্নার টেস্ট ছাড়ার পর তার জায়গাটা নেবেন কে?
ক্রিকেট বোদ্ধা থেকে সমর্থকদের মুখেও ওয়ার্নারের বিকল্প হিসেবে বেশ কিছু নাম উঠে এসেছে। তবে নিজের উত্তরসূরি হিসেবে কাকে দেখতে চান ওয়ার্নার?
মেলবোর্নে বক্সিং ডে টেস্টের প্রথম দিনের খেলা শেষে সংবাদকর্মীদের এ প্রশ্নের উত্তর দিয়েছেন ওয়ার্নার নিজেই। তিনি বলেন, ‘কঠিন প্রশ্ন। এটা অবশ্যই নির্বাচকদের সিদ্ধান্ত নেয়ার ব্যাপার। তবে আমার জায়গা থেকে যেটা বুঝি, এই মুহূর্তে যে নিজেকে প্রস্তুত রেখেছে এবং আলোচনায় আছে—আমার মনে হয় হ্যারিসই সেই ব্যক্তি।’
.png)
ওয়ার্নার মার্কাস হ্যারিসকে বুঝিয়েছেন। ২০১৮ সালে টেস্টে অভিষিক্ত এ ৩১ বছর বয়সী ওয়ার্নারের মতোই বাঁহাতি ওপেনার। অস্ট্রেলিয়ার হয়ে ১৪ টেস্ট খেললেও ২০১৯ অ্যাশেজের পর থেকে এ সংস্করণে মাত্র ৫ ম্যাচ খেলেন হ্যারিস।
অজি ওপেনার বলেন, ‘সে–ই (হ্যারিস) সুযোগটা পেতে যাচ্ছে। সেদিন (প্রস্তুতি ম্যাচ) শতক তুলে নিয়েছে। অন্য কিছু ম্যাচে সুযোগ নষ্ট করেছে। তবে পরবর্তীদের মধ্যে সুযোগ পাওয়ার তালিকায় সে–ই এগিয়ে। যদি নির্বাচকেরা তার ওপর আস্থা রাখেন, তাহলে আমি নিশ্চিত, সে নিজের খেলাটা খেলতে পারবে।’