ক্রীড়াঙ্গনে ২০২৩: যা ছিল সবার মুখে মুখে...
যাত্রা শুরু করেছে ২০২৪ সাল। এরই মধ্যে ২০২৩ সালকে বিদায় জানিয়ে নতুন ইংরেজি নববর্ষকে স্বাগত জানিয়েছে সবাই। বিশ্ব ক্রীড়াঙ্গনে ২০২৩ সালটা ছিল ঘটনাবহুল এক বছর। সেই সঙ্গে বাংলাদেশের ক্রীড়াঙ্গনেও ঘটেছে অনেক ঘটনা।
নতুন বছরের শুরুতে সদ্য ‘গত’ হওয়া ২০২৩ সালের আলোচিত কিছু ঘটনা নিয়ে ডেইলি বাংলাদেশের পাঠকদের জন্য আজকের এই প্রতিবেদন সাজানো হয়েছে–
বিশ্বজয়ী মার্টিনেজের বাংলাদেশ সফর
কাতার বিশ্বকাপে দীর্ঘ ৩৬ বছর পর চ্যাম্পিয়ন শিরোপা উঁচিয়ে ধরে আর্জেন্টিনা। এ নিয়ে তৃতীয়বারের মতো বিশ্ব ফুটবলের মসনদে অধিষ্ঠিত হয় দলটি। বিশ্বজয়ের কিছুদিন পরই বাংলাদেশে সফর করার কথা ছিল আলবিসেলেস্তেদের। তবে নানা জটিলতার কারণে সেটি সম্ভব হয়নি।
আর্জেন্টিনা ফুটবল দল না আসলেও, বাংলাদেশি ভক্তদের নিরাশ করেননি এমিলিয়ানো মার্টিনেজ। গত বছরের ৩ জুলাই আর্জেন্টিনা থেকে ঢাকায় আসেন তিনি। কয়েকঘণ্টার সংক্ষিপ্ত সফর শেষে কলকাতায় উড়ে যান আর্জেন্টিনার এ গোলরক্ষক।
মেসির মায়ামি যাত্রা
২০২৩ সালটা ক্রীড়াঙ্গনের জন্য বেশ ঘটনাবহুল ছিল। তবে সবচেয়ে বেশি আলোচিত বিষয় ছিল লিওনেল মেসির মায়ামি যাত্রা। গত জুলাইয়ে সব জল্পনা-কল্পনাকে উড়িয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে পাড়ি দেন মেসি। এর মধ্য দিয়ে ইউরোপ ফুটবলের সঙ্গে প্রায় দুই যুগের সম্পর্কের ইতি টানেন তিনি।
রুবিয়ালেসের চুমু কাণ্ড
গত আগস্টে নিজেদের ইতিহাসে প্রথমবার নারী ফুটবল বিশ্বকাপ ঘরে তোলে স্পেনের মেয়েরা। শিরোপা নির্ধারণী মঞ্চে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় তারা। তবে বিশ্বজয়ের উদযাপনে মেতে ওঠার আগেই ‘বিতর্কে’ জড়িয়ে পড়েন দেশটির ফুটবল প্রধান লুইস রুবিয়ালেস। মূলত, বিশ্বকাপের পুরস্কার বিতরণী মঞ্চে প্রকাশ্যেই স্পেনের বিশ্বকাপজয়ী দলের ফুটবলার জেনিফার হার্মোসোকে ‘চুমু’ দেন রুবিয়ালেস।
এরপর থেকে বিষয়টি নিয়ে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়। এই কাণ্ডে জড়িয়ে অবশেষে স্পেন ফুটবল প্রধানের দায়িত্ব ছাড়েন রুবিয়ালেস।
স্প্রিন্টার ইমরানুরের সাফল্য
২০২৩ সালের শুরুতে বাংলাদেশের হয়ে ইতিহাস গড়েছিলেন স্প্রিন্টার ইমরানুর রহমান। কাজাখস্তানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে ৬০ মিটার স্প্রিন্টে প্রথম বাংলাদেশি অ্যাথলেট হিসেবে জেতেন সোনা।
ম্যাথিউজের ‘টাইমড আউট’
ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপে আহামরি কোনো সাফল্য পায়নি বাংলাদেশ ও শ্রীলংকা। তবে বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি দেখাতে উত্তেজনায় জড়িয়ে পড়েছিল দুদল। মূলত, ম্যাচটিতে লংকান ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউজকে ‘টাইমড আউট’ করেছিলেন সাকিব আল হাসান। এটি ছিল ক্রিকেট ইতিহাসের প্রথম কোনো আউট, যা এর আগে কখনোই দেখা যায়নি। সেই আউট নিয়ে বছরজুড়েই নানা আলোচনা-সমালোচনা হয়েছে।