আমের জামাল আকাশে উড়লেও স্বস্তিতে নেই পাকিস্তান দল। শুক্রবার সিডনিতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিন শেষে ৮২ রানে এগিয়ে আছে পাকিস্তান। তবে নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ৬৮ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে ফেলেছে দলটি।
এর আগে অস্ট্রেলিয়াকে ২৯৯ রানে অলআউট করে প্রথম ইনিংসে ১৪ রানের লিড নিয়েছিল সফরকারীরা। অস্ট্রেলিয়াকে অলআউট করার পর সম্প্রচারকদের সঙ্গে জামাল বলেন, ‘মনে হচ্ছে আমি আকাশে উড়ছি। এই পর্যায়ে দেশের প্রতিনিধিত্ব করতে পেরে গর্ব লাগছে। এখনো মনে আছে, সেসব দিনে পাকিস্তান দলের খেলা দেখেছি... এমনকি আমি রান দিলেও সব সময় সেসব স্মৃতি মনে করি।’
.png)
তৃতীয় দিনের খেলা শেষে ৭ উইকেট হারিয়ে ৬৮ রান করেছে পাকিস্তান। লিড জমা করেছে ৮২ রানের। মোহাম্মদ রিজওয়ান ৬ ও আমের জামাল অপরাজিত আছেন ০ রানে।
এর আগে প্রথম ইনিংসে ২ উইকেটে ১১৬ রান নিয়ে দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। তৃতীয় উইকেটে মার্নাস লাবুশেনে ও স্টিভেন স্মিথের জুটি এনে দেয় ৭৯ রান। পরপর দুই ওভারে দুই ব্যাটারকেই সাজঘরের পথ দেখায় পাকিস্তান। লাবুশেনে ৬০ ও স্মিথ ফেরেন ৩৮ রান করে। ট্রাভিস হেডও (১০) বেশিক্ষণ টেকেননি।
তবে ষষ্ঠ উইকেটে ৮৪ রানের জুটি বাঁধেন মিচেল মার্শ ও অ্যালেক্স ক্যারি। ৩৮ রান করা ক্যারিকে ফিরিয়ে তা ভাঙেন সাজিদ খান।
এরপর আমের জামালের দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়াকে ২৯৯ রানে গুটিয়ে ১৪ রানের লিড নেয় পাকিস্তান। ৬৯ রান খরচে ৬ উইকেট নেন ডানহাতি এই পেসার। এছাড়া ৫৪ রান করেন মার্শ।