রিয়াল নাকি বার্সা; সুপার কাপের ফাইনালে জিতবে কারা?
রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা দুই দলের লড়াই মানেই আলাদা উত্তেজনার পরশ। যেখানে ফ্রেন্ডলি ম্যাচগুলোও তেঁতে ওঠে লড়াইয়ের ঝাঁঝে। এল ক্লাসিকো আখ্যা পাওয়া দুই দলের ধ্রুপদী যুদ্ধ দেখার জন্য অপেক্ষায় থাকেন বিশ্বের কোটি ফুটবল ভক্তরা।
লিগ কিংবা অন্য কোনো সাধারণ ম্যাচ নয়, শিরোপা নির্ধারণী লড়াই দিয়েই শুরু হচ্ছে ২০২৪ সালের এল ক্লাসিকো দ্বৈরথ। স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। সৌদি আরবের রিয়াদে রোববার (১৪ জানুয়ারি) ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত একটায়।
নতুন বছরের শুরুতে প্রথম শিরোপার হাতছানি রিয়াল ও বার্সেলোনার সামনে। হাইভোল্টেজ ম্যাচের আগে প্রতিপক্ষকে এগিয়ে রাখছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ। অন্যদিকে, চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে শিরোপা জিততে আত্মবিশ্বাসী অল হোয়াইট বস কার্লো আনচেলত্তি।
.png)
রিয়াল-বার্সার দ্বৈরথ তথায় এল ক্লাসিকোর ইতিহাস প্রায় ১২০ বছরের। সময়ের ব্যবধানে জৌলুশ হারানোর পরিবর্তে এর আবেদন বেড়েছে বহুগুণ। আর সেটি যদি ফাইনাল হয়, তাহলে তো কথাই নেই। সমর্থকদের মধ্যে উত্তেজনা বেড়ে যায় হাজারগুণ।
আজকের ম্যাচে প্রতিশোধের সুবর্ণ সুযোগ রিয়াল মাদ্রিদের সামনে। গত বছর রিয়াদে বার্সার কাছেই সুপার কাপের ফাইনাল হেরেছিল লস ব্লাঙ্কোসরা। লিগের বর্তমান টেবিল টপার এবং সেমিতে অ্যাথলেটিকো মাদ্রিদকে রীতিমতো উড়িয়ে দেয়া রিয়াল শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।
অপর দিকে শিরোপা ধরে রাখার মিশনে কম যায়নি বার্সেলোনাও। সেমিতে রিয়ালের মতো বড় জয় না পেলেও শিরোপার দাবিদার হিসেবে বর্তমান চ্যাম্পিয়নদের খুব বেশি পিছিয়ে রাখার সুযোগ নেই। শেষ চারে লেভানদোভস্কি আর ইয়ামালের গোলে ওসাসুনাকে হারায় জাভি ফার্নান্দেজের দল।
আজকের ম্যাচে বার্সেলোনার শুরুর একাদশে ফিরতে পারেন পেদ্রি। ইনজুরি কাটিয়ে তিনি সেমি শুরু করেছিলেন বেঞ্চে থেকে। তবে দলটার দুশ্চিন্তার কারণ টের স্টেগেনের ইনজুরি। গোলপোস্টের নিচে তাই দায়িত্বভার থাকবে পেনার ওপর। এছাড়া সেমিতে রাফিনিয়ার চোট, আগে থেকেই নেই গাভি, ক্যান্সেলোরা।
স্প্যানিশ সুপার কাপের সফলতম দল বার্সেলোনা। ২৫ বার প্রতিযোগিতাটির ফাইনাল খেলে ১৪ বার শিরোপা জিতেছে ব্লাউগ্রানারা। রিয়াল মাদ্রিদের শিরোপা সংখ্যা ১২। দেখার পালা আজ কার সংখ্যা বাড়ে। রিয়ালের ১৩ হয় নাকি বার্সেলোনার ১৫।