রোববার গ্রুপ পর্বের ম্যাচ শেষ হওয়ায় সুপার সিক্সের প্রতিপক্ষ নির্ধারিত হয়েছে। তবে এ পর্বের গণ্ডি পেরিয়ে সেমিতে ওঠার লড়াইটা সহজ হবে না মাহফুজুর রহমান রাব্বির।
যুবাদের বৈশ্বিক টুর্নামেন্টে ‘এ’ গ্রুপের দ্বিতীয় সেরা দল হয়ে সুপার সিক্সের টিকেট পেয়েছে বাংলাদেশ। গ্রুপ পর্বে ভারতের কাছে হেরেছিল টাইগার যুবারা। প্রথম ধাপে চারটি করে দল নিয়ে গ্রুপ পর্ব খেলেছিল ১৬টি দল। এর মধ্যে প্রতিটি গ্রুপ থেকে তিন সেরা দল জায়গা পেয়েছে সুপার সিক্সে।
.png)
দ্বিতীয় ধাপে জায়গা পাওয়া ১২ দলকে আবার দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। প্রতি গ্রুপে ছয়টি করে দল। এখানে বাংলাদেশ জায়গা পেয়েছে গ্রুপ ওয়ানে। সুপার সিক্সের এই পর্বে একটি গ্রুপে ছয়টি করে দল থাকলেও প্রতিটি দল খেলার সুযোগ পাবে মাত্র দুটি করে ম্যাচ।
‘এ’ গ্রুপ থেকে বাংলাদেশের পাশাপাশি সুপার সিক্স নিশ্চিত করেছে গ্রুপের সেরা দল ভারত ও তৃতীয় সেরা দল আয়ারল্যান্ড। সুপার সিক্সের গ্রুপ ওয়ানে ‘এ’ গ্রুপের সঙ্গী ‘ডি’ গ্রুপ থেকে দ্বিতীয় পর্বে জায়গা পাওয়া পাকিস্তান, নিউজিল্যান্ড ও নেপাল।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, বাংলাদেশ ‘এ’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে আসায় অপর গ্রুপের প্রথম ও তৃতীয় সেরা দলের বিপক্ষে লড়তে হবে। তাই সুপার সিক্সে বাংলাদেশের যুবাদের দুটি ম্যাচ পাকিস্তান ও নেপালের বিপক্ষে।
মঙ্গলবার থেকে শুরু হবে সুপার সিক্সের লড়াই। এ পর্ব শেষে প্রতিটি গ্রুপের সেরা দুই দল জায়গা পাবে সেমিফাইনালে। এ ধাপেও গ্রুপ পর্বের ম্যাচের জয়-পরাজয়ের হিসেব প্রভাব রাখবে। তবে প্রথম পর্যায়ের গ্রুপ পর্বের সব ম্যাচের ফল এখানে বিবেচিত হবে না। কেবল একই গ্রুপ থেকে যেসব দল সুপার সিক্স নিশ্চিত করেছে, সেসব দলের মুখোমুখি লড়াইয়ে জয়-পরাজয়, পয়েন্ট ও নেট রানরেটের সঙ্গে যোগ হবে সুপার সিক্সের ম্যাচের ফল।
এ নিয়মের বেড়াজালে বাংলাদেশকে সুপার সিক্সে কঠিন পরীক্ষাই দিতে হবে। কেননা, প্রথম ধাপে আয়ারল্যান্ডের বিপক্ষে জিতলেও ভারতের বিপক্ষে হেরে বসেছে বাংলাদেশের যুবারা। আবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে জিতলেও তারা সুপার সিক্স নিশ্চিত করতে পারেনি বলে সে ম্যাচের ফল দ্বিতীয় ধাপে আর বিবেচনায় নেওয়া হবে না। তাই সুপার সিক্সের গ্রুপ ওয়ানে দুই পয়েন্ট নিয়ে বাংলাদেশের অবস্থান চারে।
অন্যদিকে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপ ‘ওয়ানে’ সবার ওপরে ভারত। ‘ডি’ গ্রুপ থেকে আসা পাকিস্তানের পয়েন্টও ভারতের সমান চার। তবে নেট রানরেটে পিছিয়ে থাকায় দুইয়ে পাকিস্তানের যুবারা।
বাংলাদেশের প্রথম ম্যাচ ৩১ জানুয়ারি, প্রতিপক্ষ নেপাল। আর পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ ৩ ফেব্রুয়ারি। প্রথমটি ব্লুমফন্টেইনে, পরেরটি বেনোনিতে।