ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

পাকিস্তানের লক্ষ্য যত ওভারে তাড়া করতে হবে বাংলাদেশকে

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৪, ৩ ফেব্রুয়ারি ২০২৪
পাকিস্তানের লক্ষ্য যত ওভারে তাড়া করতে হবে বাংলাদেশকে
ফাইল ছবি

যুব বিশ্বকাপের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে লড়ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ম্যাচটিতে কোনোভাবে জিতলেই আসরের সেমিফাইনাল নিশ্চিত করবে পাকিস্তান। কিন্তু বাংলাদেশকে শেষ চারের লড়াইয়ে উঠতে নানা হিসাব-নিকাশ মিলাতে হতো। মাঠের লড়াইয়ে তাতে অনেকটা সফলও হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

শনিবার দক্ষিণ আফ্রিকার বেনোনিতে সুপার সিক্সের লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে শুরু থেকেই সমীকরণ মেলানোর তৎপরতা বাংলাদেশি ক্রিকেটারদের শরীরি ভাষায় ফুটে ওঠে। আর তাতে টস হেরে আগে ব্যাটিংয়ে নামা পাকিস্তান যুবারা বাংলাদেশের বোলিং তোপে অলআউট হয়েছে ১৫৫ রানে।

এ ম্যাচের আগেই আইসিসি জানিয়েছিল, পাকিস্তান যদি আগে ব্যাটিং করে, সেক্ষেত্রে বাংলাদেশকে ম্যাচ জিততে হবে ৩৮-৪০ ওভারের মধ্যে। আর বাংলাদেশকে যদি পাকিস্তান ৩০০ রানের লক্ষ্য দেয়, সেটি তাড়া করতে হবে ৩৯.৩ ওভারের মধ্যে। এছাড়া পাকিস্তান ২৫০ রান করলে সেটি টপকে যেতে হবে ৩৯ ওভারে।

Advertisement

পাকিস্তানের রান ২০০ এর মধ্যে আটকে রাখতে পারলে সেমিফাইনালে যেতে বাংলাদেশকে জিততে হবে ৩৮.৪ ওভারে। টাইগার পেসারদের আগুনে বোলিংয়ে মাত্র ১৫৫ রানে অলআউট হয়েছে পাকিস্তান। তাদের দেওয়া এ লক্ষ্য বাংলাদেশ তাড়া করতে হবে ৩৮.১ ওভারে। 

পাকিস্তানকে হারাতে পারলে আসরের চতুর্থ দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নেবে বাংলাদেশ। এরই মধ্যে আসরের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে তিনটি দল। দলগুলো হলো- অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ভারত।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!