ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪

ঢাকাকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিল রংপুর

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১০, ৬ ফেব্রুয়ারি ২০২৪
ঢাকাকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিল রংপুর
ছবি- সংগৃহীত

দশম বিপিএলে ঢাকায় দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে লড়ছে দুর্দান্ত ঢাকা। যেখানে আগে ব্যাট করে ঢাকাকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছে নুরুল হাসানের দল।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ২০ ওভারে চার উইকেটে ১৭৫ রান সংগ্রহ করে রংপুর রাইডার্স। এতে ঢাকার সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৭৬ রান।

মঙ্গলবার টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকা দলপতি মোসাদ্দেক হোসেন। এতে আগে ব্যাটিং করে রংপুর। দলটির হয়ে ইনিংস উদ্বোধনে নামেন বাবর আজম ও রনি তালুকদার। ইনিংসের শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে তারা দুজন। উদ্বোধনী জুটিতে তাদের ব্যাট থেকে আসে ৬৭ রান।

Advertisement

ম্যাচের অষ্টম ওভারে এ জুটিতে আঘাত হানেন আরাফাত সানি। তার ঘূর্ণিতে সাজঘরের পথ ধরেন রনি (৩৯)। পরে ক্রিজে আসেন সাকিব আল হাসান। উইকেটে এসেই ঝোড়ো গতিতে রান তুলতে থাকেন তিনি। এ সময় তাকে সঙ্গ দিচ্ছিলেন বাবর।

ম্যাচের ১৫তম ওভারে ফিফটির পথে থাকা বাবরকে (৪৭) ফেরান মোসাদ্দেক। একই ওভারে আউট হন সাকিবও (৩৪)। মোসাদ্দেকের ঘূর্ণিতে নাঈমের তালুবন্দী হন তিনি।

এরপর বাইশ গজে আসেন আজমতউল্লাহ ওমরজাই। তবে উইকেটে থিতু হওয়ার আগেই সাজঘরের পথ ধরেন তিনি (৩)। শেষ পর্যন্ত মোহাম্মদ নবীর (২৯*) ক্যামিওতে রংপুরের ইনিংস থামে ১৭৫ রানে।

ঢাকার হয়ে সর্বোচ্চ দুই উইকেট শিকার করেন মোসাদ্দেক।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!