ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]
প্যারিস অলিম্পিক বাছাইপর্ব

বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ব্রাজিল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:১৪, ৯ ফেব্রুয়ারি ২০২৪
বাঁচা-মরার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা-ব্রাজিল
ছবি- সংগৃহীত

জুলাইয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে গড়াবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত অলিম্পিকের আসর। বিশ্বের বৃহত্তম এই ক্রীড়া আসরে ইভেন্ট হিসেবে থাকছে ফুটবলও। সেই ইভেন্টের জন্য এই মুহূর্তে চলছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের (কনমেবল) বাছাই পর্ব। দুই ধাপের বাছাই পর্ব পেরিয়ে লাতিন আমেরিকা অঞ্চল থেকে মাত্র দু’দলই চূড়ান্ত প্রতিযোগিতা অংশ নিতে পারবে। 

কনমেবল অঞ্চলে অলিম্পিক বাছাইয়ের শেষ পর্যায়ে এসে খুব একটা ভালো অবস্থানে নেই ব্রাজিল ও আর্জেন্টিনা। প্যারিস অলিম্পিক নিশ্চিত করতে হলে নিজেদের শেষ ম্যাচে জিততেই হবে দুদলকে।

এমন সমীকরণ নিয়ে আগামী রোববার (১১ ফেব্রুয়ারি) একে অপরের মুখোমুখি হবে লাতিন আমেরিকার দুই পরাশক্তি দেশ ব্রাজিল এবং আর্জেন্টিনা।

Advertisement

প্যারিস অলিম্পিকের বাছাইয়ে জটিল সমীকরণ তৈরি হয়েছে। ব্রাজিল-আর্জেন্টিনার মধ্য থেকে যেকোনো একটি দল খেলতে পারবে অলিম্পিকে। হিসাবটা সহজ, দুদলের মুখোমুখি লড়াইয়ে যে জিতবে সেই দল উঠবে অলিম্পিকে। 

চূড়ান্ত পর্বে খেলা চার দলের মধ্যে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে প্যারাগুয়ে। ৩ পয়েন্ট নিয়ে দুইয়ে ব্রাজিল, ২ পয়েন্ট নিয়ে তিনে আর্জেন্টিনা। ১ পয়েন্ট নিয়ে চারে ভেনিজুয়েলা। এখান থেকে মূলপর্বে যাবে কেবল দুই দল। সব দলেরই বাকি আছে একটি করে ম্যাচ।
  
প্যারাগুয়ের সমীকরণটা তুলনামূলক সহজ। ১ পয়েন্ট নিয়ে চারে থাকা ভেনেজুয়েলার বিপক্ষে ড্র করতে পারলেই অলিম্পিকের চূড়ান্ত পর্বে জায়গা করে নেবে তারা। হারলেও চূড়ান্ত পর্বে ওঠার সুযোগ আছে তাদের। সেক্ষেত্রে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচে যেকোনো এক দলকে জয় পেতে হবে।

ব্রাজিল ও আর্জেন্টিনার মধ্যে সুবিধাজনক অবস্থানে আছে ব্রাজিল। ভেনেজুয়েলার বিপক্ষে প্যারাগুয়ে যদি ড্র করে বা জিতে, সেক্ষেত্রে ড্র করলেই মূল পর্বে উঠবে সেলেসাওরা। তবে জয় ছাড়া কোনো বিকল্প নেই আর্জেন্টিনার। অলিম্পিকে জায়গা পেতে হবে গ্রুপের শেষ ম্যাচে জিততেই হবে আলবিসেলেস্তেদের।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!