ঢাকা,  সোমবার   ০৯ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]

পুত্রবধূকে নিয়ে বেফাঁস মন্তব্য জাদেজার বাবার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৯, ১০ ফেব্রুয়ারি ২০২৪
পুত্রবধূকে নিয়ে বেফাঁস মন্তব্য জাদেজার বাবার
ছবি- সংগৃহীত

ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য রবীন্দ্র জাদেজা। জাতীয় দলের হয়ে তিন ফরম্যাটেই গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন তিনি। তবে সম্প্রতি জাদেজার বাবা অনিরুদ্ধসিনের দেওয়া এক সাক্ষাৎকার নিয়ে নানান আলোচনা-সমালোচনা চলছে। 

ভারতীয় এক সংবাদমাধ্যমে ছেলে এবং পুত্রবধূর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন জাদেজার বাবা। গুজরাটি এক সংবাদমাধ্যমে জাদেজার বাবার দাবি, দীর্ঘদিন ধরেই তাদের মাঝে সম্পর্ক নেই।

সাক্ষাৎকারে জাদেজার বাবা অনিরুদ্ধসিন জাদেজার ভাষ্য, ‘সত্যি কথা শুনতে চান? আমার সঙ্গে রবীন্দ্র এবং রিভাবার (জাদেজার স্ত্রী) কোনো সম্পর্ক নেই। আমি ওদের ফোন করি না, ওরাও করে না। বিয়ের দুই-তিন মাস পর থেকেই সমস্যা শুরু হয়। জামনগরে আমি একাই থাকি। রবীন্দ্র এবং রিভাবা আলাদা বাড়িতে থাকে। একই শহরেও থেকেও দেখা হয় না। আমি জানি না রবীন্দ্রর ওপর তার স্ত্রী কি জাদু করেছে!’

অনিরুদ্ধসিন যোগ করেন, ‘ও (জাদেজা) যে আমার ছেলে, এটাই এখন আমার সবচেয়ে বড় যন্ত্রণার জায়গা। ওকে বিয়ে না দিলেই ভালো হতো। রবীন্দ্র ক্রিকেটার না হলে আরও ভালো হতো। তাহলে আমাদের জীবন অনেক সহজ হতো।’

এদিকে বাবার এমন অভিযোগের পর জাদেজা নিজেও বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। পুরো বিষয়টিকে বানোয়াট ও সাজানো বলেও উল্লেখ্য করেছেন ভারতীয় এই অলরাউন্ডার। জাদেজার মন্তব্য, স্ত্রী রিভাবার চরিত্র কলুষিত করতেই এমন তথ্য ছড়ানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে (এক্স) গুজরাটি ভাষায় ভারতীয় এই অলরাউন্ডারের ভাষ্য, এটা একটা সাজানো সাক্ষাৎকার। এটাকে গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!