ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
বাংলাদেশ প্রিমিয়ার লিগ-২০২৪

যে সমীকরণে প্লে-অফ খেলতে পারে তামিমের বরিশাল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:১২, ১৮ ফেব্রুয়ারি ২০২৪
যে সমীকরণে প্লে-অফ খেলতে পারে তামিমের বরিশাল
ছবি- সংগৃহীত

দশম বিপিএলের গ্রুপ পর্বের খেলা শেষ পর্যায়ে। সবমিলিয়ে আর মাত্র ৬ ম্যাচ বাকি রয়েছে। এরই মধ্যে শুরু হয়ে গেছে প্লে-অফের হিসাব-নিকাশ। 

এবারের আসরের প্রথম দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স। বাকি তিনটি জায়গার জন্য লড়াই করবে চারটি দল। তারা হলো- কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ফরচুন বরিশাল, খুলনা টাইগার্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

দুই শহরে আর বাকি তিন দিনে ছয় ম্যাচ। জমে ওঠা বিপিএল-এর শেষটা উত্তেজনায় ভরা। একমাত্র রংপুর রাইডার্স নিশ্চিত করেছে প্লে-অফ খেলা। টানা সাত জয়ের পরও নিশ্চিত হয়নি সেটা প্রথম কোয়ালিফায়ার নাকি এলিমিনেটর।

Advertisement

নকআউটের বাকি তিনটি স্থানের জন্য লড়াইয়ে চার দল। পয়েন্ট টেবিল বলছে সবারই সম্ভাবনা আছে। কুমিল্লা, বরিশাল কিছুটা এগিয়ে। মাত্র এক ম্যাচ বাকি থাকা চট্টগ্রামের সুযোগটাও ভালোই। খুলনার জন্য ঝুঁকিপূর্ণ, কিন্তু অসম্ভব নয়। সিলেট স্ট্রাইকার্স ও দুর্দান্ত ঢাকা এই অংকের জটিল সমীকরণ থেকে মুক্ত, স্বাধীন।

অভিজ্ঞ ক্রিকেটারে ভরপুর ফরচুন বরিশালের জন্য প্লে-অফ নিশ্চিত করার কাজটা একদিকে যেমন সহজ তেমনি অন্যদিকে কঠিনও বলা চলে। নিজেদের বাকি দু’ম্যাচ জিতলে আর কারও দিকে তাকাতে হবে না তাদের। তবে এক ম্যাচ জিতলেও সুযোগ থাকবে। তামিম-মুশফিকদের জন্য চিন্তার কারণ, বাকি দুই ম্যাচে তাদেরকে লড়তে হবে শক্তিশালী রংপুর ও কুমিল্লার বিপক্ষে। 

এদিকে পরিবর্তন এসেছে প্লে-অফের সূচিতে। ২৫ ফেব্রুয়ারির পরিবর্তে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার একদিন পিছিয়ে ২৬ ফেব্রুয়ারি হবে। আর ২৭ ফেব্রুয়ারির পরিবর্তে ২৮ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার। রিজার্ভ ডে বাড়াতেই এমন উদ্যোগ। তবে ১ মার্চের ফাইনাল অপরিবর্তিত।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!