ইংলিশ ক্রিকেটারদের নেতা হচ্ছেন মরগ্যান
ইয়ন মরগ্যানের হাত ধরে ২০১৯ সালে বিশ্বকাপ শিরোপা উঁচিয়ে ধরে ইংল্যান্ড ক্রিকেট দল। তার অসাধারণ নেতৃত্বে ওয়ানডে ক্রিকেটে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ইংলিশরা। এবার সেই মরগ্যান দেশটির বর্তমান ও সাবেক ক্রিকেটারদের সংগঠনের নেতা হতে যাচ্ছেন।
ইংল্যান্ডের প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (পিসিএ) সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছেন মরগ্যান। সংগঠনটির দশম সভাপতি হতে চলেছেন তিনি। বর্তমান সভাপতি শার্লট এডওয়ার্ডসের স্থলাভিষিক্ত হবেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী এ অধিনায়ক। খবর ইএসপিএন ক্রিকইনফোর।
১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হওয়া ঐতিহ্যবাহী এই সংগঠনের সভাপতির দায়িত্ব পেয়ে মরগ্যান বলেন, ‘১৯ বছর ধরে পিসিএর সদস্য থাকার পর এবার এই মর্যাদাপূর্ণ পদটি পেয়ে আমি যার পর নাই কৃতজ্ঞ ও সম্মানিত বোধ করছি।’
৩৭ বছর বয়সী সাবেক এই ব্যাটসম্যান বলেন, ‘প্রফেশনাল ক্রিকেটার্স ট্রাস্টের সঙ্গে কাজ করতেও মুখিয়ে আছি আমি, বিষয়টি হৃদয় দিয়ে অনুভব করছি। আশা করি, খেলাটাকে কিছু ফিরিয়ে দেওয়ার সুযোগ পাবো আমি।’
২০২২ সালে ক্রিকেট ছাড়ার পর ধারাভাষ্যকার হিসেবেই ক্রিকেটের সঙ্গে আছেন সাবেক এই ইংলিশ অধিনায়ক। এছাড়াও ইংল্যান্ডের অধিনায়ক থাকার সময় টিম ইংল্যান্ড প্লেয়ার পার্টনারশিপ ম্যানেজমেন্ট বোর্ডেও ছিলেন তিনি।