ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

লিটনের আউট নিয়ে যা বললেন শান্ত

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩৫, ২৫ মার্চ ২০২৪
লিটনের আউট নিয়ে যা বললেন শান্ত
ছবি- সংগৃহীত

সিলেট টেস্টে শ্রীলংকার বিপক্ষে বাজে ব্যাটিংয়ে চরম ভরাডুবি হয়েছে বাংলাদেশ দলের। দুই ইনিংস মিলিয়ে সফরকারীরা ৪ সেঞ্চুরি করলেও টাইগার ব্যাটাররা উইকেটে থিতুই হতে পারেননি। এর ফল হিসেবে বড় ব্যবধানে পরাজয় বরণ করতে হয়েছে নাজমুল হোসেন শান্তদের।

শ্রীলংকার দেওয়া ৫১১ রানের পাহাড়সম রান তাড়ায় রোববার চোখের পলকে ৩৭ রানে ৫ উইকেট হারায় টাইগাররা। এরপরেই মূলত সিলেট টেস্টের ভাগ্য নির্ধারণ হয়ে গিয়েছিল। আজ মুমিনুলের ব্যাটে স্রেফ হারের ব্যবধান কমেছে। কিন্তু ৩২৮ রানের বিশাল বড় পরাজয় ঠেকানো যায়নি। 

তৃতীয় দিনের শেষ সেশনে দল যখন ৩৭ রানে ৪ উইকেটে হারিয়ে বিপদে, তখন লিটন দাসের মতো অভিজ্ঞ ব্যাটসম্যানের ক্রিজ ছেড়ে পুল করতে গিয়ে আউট হওয়াটাও মানতে পারছেন না কেউই। তার এমন আউটের পর থেকে শুরু হয়েছে চারদিকে সমালোচনার ঝড়।

Advertisement

সোমবার ম্যাচ শেষের পর লিটনের আউটের ধরন নিয়ে এক প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘লিটনের আউটটা নিয়ে আসলে আমি বলতে পারব না। লিটনই ভালো ব্যাখ্যা দিতে পারবে। তবে হ্যাঁ, সাধারণত টেস্ট ক্রিকেটে এ ধরনের আউট খুব একটা দেখা যায় না।’

বাংলাদেশ অধিনায়ক আরো বলেন, ‘নির্দিষ্ট শট নিয়ে কথা বলার জন্য ব্যাটিং কোচ আছে। কেন খেলেছেন কি কারণে খেলেছেন এটা নিয়ে ব্যাটিং কোচ তার সাথে কাজ করবে। এটা আমার কাজ না। এ আউট নিয়ে খুব বেশি কথা বলার দরকার সেটাও আমি মনে করছি না। ঠিকমতো হলে এটা নিয়ে এত কথা হতো না। আউট তো আউটই। তবে এ ধরনের আউট যেন না হয়, ব্যাটিং কোচ বা লিটন আরও ভালোভাবে পরিকল্পনা করবে।’

এদিকে লিটনের এমন আউট নিয়ে গতকাল হতাশা প্রকাশ করেছিলেন বিসিবি নির্বাচক আব্দুর রাজ্জাক। সিলেটে তিনি গণমাধ্যমকে তিনি বলেন, ‘টেস্ট ম্যাচে একজন সিনিয়র ব্যাটসম্যান এভাবে আউট হওয়া ঠিক নয়। আসলে লিটন দাস একা বলে নয়, এখানে কিন্তু ৫টা উইকেট পড়ে গেছে (গতকাল পর্যন্ত)। সবারই ভুল।’

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!