নিজের অভিষেক মৌসুমেই লিগের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগেও দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন ইয়ামাল। এরই মধ্যে মাঠের বাইরে এক তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন এ বার্সা তারকা।
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে পিএসজির বিপক্ষে মুখোমুখি হয় বার্সেলোনা। ম্যাচ শুরুর আগে ইয়ামালকে নিয়ে বাজে মন্তব্য করেন আর্জেন্টিনা ও অ্যাথলেটিকো মাদ্রিদের সাবেক গোলরক্ষক হেরমান বারগোস।
.png)
বর্তমানে ফুটবল বিশ্লেষক হিসেবে কাজ করা বারগোস সেদিন স্প্যানিশ টিভি চ্যানেল ও চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম সম্প্রচারকারী প্রতিষ্ঠান মুভিস্টার প্লাসে বলেন, ‘যদি ফুটবল ক্যারিয়ার তার (ইয়ামাল) জন্য ফলপ্রসু না হয়, তাহলে তাকে ট্রাফিক সিগনালে কাজ করতে হতে পারে।’
স্প্যানিশ সংবাদমাধ্যমগুলো বারগোসের মন্তব্যকে ‘নিম্নশ্রেণির’ আখ্যায়িত করেছে। বার্তা সংস্থা এএফপি বলছে, বারগোস তার এই কথার মাধ্যমে আসলে বোঝাতে চেয়েছেন, ইয়ামাল রাস্তায় ভিক্ষা করবেন বা রাস্তায় তার ফুটবলশৈলী দেখিয়ে টাকার জন্য মানুষের কাছে হাত পাতবেন।
বারগোসের সেই মন্তব্যের জেরে মুভিস্টার প্লাসকে বর্জন করেছে বার্সেলোনা ও পিএসজি। বারগোস ক্ষমা চাইলেও লাভ হয়নি। দুই দলের খেলোয়াড়েরা ম্যাচ শেষে মুভিস্টার প্লাসের সঙ্গে কথা বলা এবং সাক্ষাৎকার দেয়া থেকে বিরত থাকেন।
এদিকে ইয়ামালকে নিয়ে বারগোসের আপত্তিকর মন্তব্যের জন্য মুভিস্টার প্লাসও ক্ষমা চেয়েছে এবং নিশ্চিত করেছে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
এছাড়াও বৃহস্পতিবার বিকেলে স্পেনের ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ‘রেলেভো’ জানিয়েছে, বারগোস মুভিস্টার প্লাস থেকে পদত্যাগ করেছেন।