মেসিদের লিগে যাচ্ছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা
গত মৌসুমের মাঝামাঝি সময় থেকে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন লিওনেল মেসি। বিশ্ব ফুটবলের মহাতারকা সেখানে যাওয়ার পর থেকে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া শুরু করে লিগটি।
মেসির পর মায়ামিতে পাড়ি জমিয়েছেন জর্দি আলবা, সার্জিও বুসকেটস ও লুইস সুয়ারেজ। এবার একই লিগে খেলতে যাচ্ছেন ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকা অলিভিয়ে জিরু।
আগেই জানা গিয়েছিল, চলতি মৌসুম শেষে ইতালিয়ান ক্লাব এসি মিলানের ডেরা ছাড়বেন জিরু। তবে তার পরবর্তী ঠিকানা নিয়ে ছিল ধোঁয়াশা। অবশেষে সেটিও জানা গেল।
.png)
এমএলএসের ক্লাব লজ অ্যাঞ্জেলস এফসিতে পাড়ি দিবেন জিরু। এ বিষয়টি মঙ্গলবার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিশ্চিত করেছে ক্লাবটি।
সেই পোস্টে জিরুর একটি অ্যানিমেটেড ছবি দিয়ে তারা লিখেছে, ‘লস অ্যাঞ্জেলসে একজন নতুন তারকা এসেছে।’
এছাড়া ইনস্টাগ্রামে জিরুকে ট্যাগ করে তারা লিখেছে, ‘২০২৫ সাল পর্যন্ত এলএএফসিতে খেলবেন ফরাসি স্ট্রাইকার। তবে ২০২৬ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।’
গত মৌসুমে দলের তারকা খেলোয়াড় মেক্সিকোর কার্লোস ভেয়া দল ছাড়ার পর থেকে আক্রমণভাগের জন্য একজন বিশ্বমানের ‘নাম্বার নাইন’ খুঁজছিল এলএএফসি। ইন্টার মায়ামি যেমন লিওনেল মেসিকে ভিড়িয়ে তাকে ঘিরেই দল সাজিয়েছে; জিরুকে নিয়েও তেমন ভাবনা এলএএফসি’র।
গত সোমবার মিলান ছাড়ার ঘোষণা দেন জিরু। ইতালিয়ান ক্লাবটির হয়ে তিন মৌসুমে ৪৮ গোল করেছেন ৩৭ বছর বয়সী এই তারকা। ইউরোপিয়ান ফুটবলে সফল একটি ক্যারিয়ারের সমাপ্তি টানছেন তিনি।