ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

তারুণ্যের জয়গানে স্বপ্নের সোপানে তাকিয়ে বাংলাদেশ

আশরাফুল ইসলাম আকাশ
প্রকাশিত: ১৫:৫২, ২১ মে ২০২৪
তারুণ্যের জয়গানে স্বপ্নের সোপানে তাকিয়ে বাংলাদেশ
কোলাজ- ডেইলি বাংলাদেশ

ক’দিন পরেই মাঠে গড়াবে আইসিসি টি-২০ বিশ্বকাপের নবম আসর। এবারের আসরের আয়োজক যৌথভাবে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র। দুই দেশের ৯ ভেন্যুতে আগামী ২ জুন থেকে শুরু হবে কুড়ি ওভারের বিশ্বযজ্ঞ।

আসন্ন বিশ্বকাপে অংশ নেবে ২০ দল। যেখানে গত আসরের সেরা আট দল বিশ্বকাপ নিশ্চিত করেছিল আগেই। এর সঙ্গে অটোমেটিক চয়েজে বিশ্বকাপের টিকিট পায় সেরা র‌্যাংকিংয়ে অবস্থান করা দুদল এবং আয়োজকরা। বাকি ৮ দলকে বিশ্বকাপের টিকিট পেতে আঞ্চলিক পর্যায়ে লড়াই করতে হয়েছে। সেই ধারাবাহিকতায় আফ্রিকা, ইউরোপ, এশিয়া থেকে দুটি করে দল সুযোগ পেয়েছে। সেইসঙ্গে আমেরিকা এবং ইস্ট-এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে একটি করে দল বিশ্বকাপে খেলবে।

আগামী ২৯ জুন ফাইনালের মধ্যে দিয়ে ৩০ দিনব্যাপী ৫৫ ম্যাচের এই টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে।

Advertisement

এবারের টি-২০ বিশ্বকাপ মাঠে গড়াবে গ্রুপ পদ্ধতিতে। চার গ্রুপ থেকে দুটি করে সেরা দল জায়গা করে নিবে সুপার এইটে। এই স্টেজেও দুটি গ্রুপ থাকবে। প্রতিটি গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের শীর্ষ ২ দল সেমিফাইনালে খেলার সুযোগ পাবে। 

বৈশ্বিক আসরকে সামনে রেখে এরই মধ্যে স্কোয়াড ঘোষণা করেছে ১৯টি দল। বাকি রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। জানা গেছে, শিগগিরই তারাও স্কোয়াড ঘোষণা করবে। কুড়ি ওভারের এই টুর্নামেন্টে কোন দলের স্কোয়াডে কারা আছেন, তাদের শক্তিমত্তা কেমন সেসব নিয়েই ডেইলি বাংলাদেশের পাঠকদের জন্য এ আয়োজন।

উইন্ডিজ-যুক্তরাষ্ট্র বিশ্বকাপে অংশ নেয়া দলগুলোর স্কোয়াড নিয়ে ২০ পর্বের সিরিজ সাজানো হয়েছে। যার তৃতীয় পর্বে থাকছে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড ও দলটির বিভিন্ন তথ্য।

বাংলাদেশ দল। ছবি- সংগৃহীতযেদিন বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ

আগামী ২ জুন থেকে শুরু হবে টি-২০ বিশ্বকাপ। আর ৮ জুন নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ দল। যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলংকা। সেই হিসিবে আর ২০ দিন পর নামতে হবে নাজমুল হোসেন শান্তদের। তারই ধারাবাহিকতায় ১৫ সদস্যের দল ঘোষণা করেছে টিম টাইগার্স। এছাড়া রিজার্ভ ট্রাভেলিংয়ে আছেন ৩ জন।

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে অফফর্মে থাকলেও বিশ্বকাপ দলে টিকে গেছেন লিটন দাস। আবার চোটাক্রান্ত হয়েও টিম টাইগার্সের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তাসকিন আহমেদ। তবে আলোচনায় থাকলেও বিশ্বকাপ দলে ডাক পাননি মোহাম্মদ সাইফউদ্দিন ও মেহেদী হাসান মিরাজের মতো ক্রিকেটাররা।

আসন্ন টি-২০ বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। ক্যারিয়ারে এই প্রথম টি-২০ বিশ্বকাপের দলে ডাক পেয়েছেন বাংলাদেশের ৬ তরুণ। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের বিমান ধরেছেন তাওহীদ হৃদয়, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব, জাকের আলী, তানভীর হোসেনরা। এর মধ্যে অবশ্য ওয়ানডে বিশ্বকাপ খেলেছেন হৃদয় ও তামিম।

আসন্ন বিশ্বকাপের ‘ডি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলংকা, দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল।

দুশ্চিন্তা ব্যাটিংয়ে

বাংলাদেশের ওপেনিংয়ে অন্যতম ভরসার নাম লিটন দাস। তবে সাম্প্রতিক সময়ে তিনিই ফর্মে নেই। বিশ্বকাপে যদি লিটন নিজের পারফরম্যান্স উপহার দিতে না পারেন সেক্ষেত্রে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে টিম টাইগার্স।

দুশ্চিন্তা এখানেই শেষ নয়, ব্যাট হাতে স্রেফ নিজের ছায়া হয়ে আছেন আরেক ওপেনার সৌম্য সরকার ও টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। টপ অর্ডারে খেলা এ দুই ব্যাটারের অফফর্ম বেশ চিন্তায় ফেলেছে টিম ম্যানেজমেন্টকে। তবে বিশ্বমঞ্চে নিজেদের চেনা ছন্দে ফেরাতে চেষ্টা করছেন তারা।

নাজমুল হোসেন শান্ত ও লিটন দাস। ফাইল ফটোটপ অর্ডারদের ব্যর্থতার ভিড়ে নজর কাড়তে পারেন যুব বিশ্বকাপজয়ী ব্যাটার তানজিদ হাসান তামিম। তিনি জায়গা পেলে সুযোগ হারাতে পারেন লিটন কিংবা সৌম্যর যে কোনো একজন।

তাওহীদ হৃদয় অবশ্য ভরসা হয়ে উঠতে পারেন। ব্যাটিং ইউনিটে বড় ভূমিকা রাখবেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। আর সুযোগ পেলে নিজেকে মেলে ধরতে মুখিয়ে আছেন তরুণ জাকের আলী অনিক।

অলরাউন্ডারে ভরসা

বিশ্বকাপে টাইগারদের অলরাউন্ডারদের নেতা হবেন সাকিব আল হাসান। তবে তার সাম্প্রতিক পারফরম্যান্স কপালে দুশ্চিন্তার ভাঁজও ফেলেছে। তবে অনেকেরই ধারণা, বিশ্বমঞ্চে নিজের সেরা ছন্দ খুঁজে পাবেন তিনি। 

সাকিবের সঙ্গে তাল মেলাতে পারেন শেখ মাহেদী হাসান। আর লেগ স্পিনের পাশাপাশি ব্যাট হাতে ঝড় তুলতে পারেন রিশাদ হোসেনও। এছাড়া প্রয়োজন বুঝে হাতে ঘোরাতে পারেন রিয়াদও। 

পেস অ্যাটাকে ভারসাম্য

সাইড স্ট্রেইনের চোটে পড়েছেন তাসকিন আহমেদ। তবে সবকিছু ঠিক থাকলে বিশ্বকাপে টাইগারদের পেস ইউনিটে নেতৃত্ব দেবেন তিনিই। তার সঙ্গে বাঁহাতে আগুনে বোলিং করতে মুখিয়ে অভিজ্ঞ মুস্তাফিজুর রহমান ও যুব বিশ্বকাপজয়ী বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। 

সবকিছু ঠিক থাকলে পেস ইউনিটের নেতা হবে তাসকিন আহমেদ। ছবি- ক্রিকইনফোএছাড়া কন্ডিশন ও প্রতিপক্ষ বিবেচনায় একাদশে সুযোগ পেলে ঝড় তোলার সামর্থ্য রাখেন তানজিম হাসান সাকিবও।  

স্পিন জাদুতে তাকিয়ে টাইগাররা

সাকিব যে একাদশে থাকছেন, তা অনেকটাই নিশ্চিত। সেদিক থেকে ব্যাটিংয়ে ব্যর্থ হলে স্পিন জাঁদুতে প্রতিপক্ষকে বশে আনতে পারেন তিনি। তার সঙ্গে দেখা যেতে পারে মাহেদী হাসান, তানভীর ইসলাম ও রিশাদ হোসেনকে।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড-

লিটন দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব। 

রিজার্ভ: হাসান মাহমুদ ও আফিফ হোসেন ধ্রুব।

বিশ্বকাপে বাংলাদেশের গ্রুপ পর্বের ম্যাচের সূচি-

তারিখ প্রতিপক্ষ ভেন্যু
৮ জুন ২০২৪ শ্রীলংকা টেক্সাস
১০ জুন ২০২৪ দক্ষিণ আফ্রিকা নিউ ইয়র্ক
১৩ জুন ২০২৪ নেদার‌ল্যান্ডস কিংসটাউন
১৭ জুন ২০২৪ নেপাল কিংসটাউন

 

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!