মঙ্গলবার বার্বাডোজে টি-২০ বিশ্বকাপে ‘সি’ গ্রুপের ম্যাচে উগান্ডার বিপক্ষে নেমেছিল আফগানিস্তান। যেখানে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৩ রান সংগ্রহ করে আফগানরা। জবাবে ব্যাট করতে নেমে ১৬ ওভারে ৫৮ রানেই গুটিয়ে গেছে উগান্ডা। আফগানিস্তানের জয় ১২৫ রানে।
এই ম্যাচেই বিশ্বকাপ ইতিহাসে দেখা গেল বেশ কিছু রেকর্ড। এক নজরে দেখে নেয়া যাক সেসব রেকর্ডের দিকে-
.png)
উদ্বোধনী জুটিতে ১৫৪ রানের জুটি
উদ্বোধনী জুটিতে ইব্রাহিম জাদরান ও রহমানউল্লাহ গুরবাজের করা ১৫৪ রান বিশ্বকাপে আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ ওপেনিং জুটি। এর আগে বিশ্বআসরে উদ্বোধনী জুটি থেকে কখনোই ১০০ রান দেখেনি আফগানরা।
শুধু তাই নয়, আন্তর্জাতিক টি-২০তে এ নিয়ে দ্বিতীয়বার শতরানের জুটি দেখেছে আফগানরা। ২০১৯ সালে ভারতের দেরাদুনে হযরতউল্লাহ জাজাই এবং উসমান গণির ২৩৬ রানের জুটি রয়েছে শীর্ষে।
পাওয়ার প্লেতে ৬৬ রান
বিশ্বকাপের পাওয়ারপ্লেতে আফগানিস্তানের সর্বোচ্চ সংগ্রহ। এর আগের রেকর্ড ছিল ২০১৬ সালে ২ উইকেটে ৬৪ রান। সেই রান মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করেছিল তারা। ৮ বছর পর আজ টপকে গেল আগের সেই সংগ্রহ।
ব্যাটিং গড় সর্বনিম্ন ৩২.৩৫
আফগানিস্তানের বিপক্ষে উগান্ডার রিয়াজাত আলী শাহের স্ট্রাইকরেট। দলের ব্যাটিং বিপর্যয়ের মুখে ৩৪ বলে ১১ রানের ইনিংস খেলেন তিনি। এটি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে ধীরগতির ইনিংস।
এতে করে তিনি পেছনে ফেলেছেন ভারতের বিপক্ষে ডোয়াইন স্মিথের ৩৭.৯৩ স্ট্রাইকরেটের ইনিংসকে। তিনে আছে ২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের অলক কাপালির ৪০ স্ট্রাইকরেটের ইনিংসটি।
টি-২০ বিশ্বকাপের চতুর্থ সর্বনিম্ন দলীয় স্কোর ৫৮
আফগানদের আগুনে বোলিংয়ে ৫৮ রানে গুটিয়ে গেছে উগান্ডা। যা টি-২০ বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ সর্বনিম্ন দলীয় স্কোর। সর্বনিম্ন স্কোরের তালিকায় প্রথম দু’বারই রয়েছে নেদারল্যান্ডস।
২০১৪ সালে ডাচরা শ্রীলংকার বিপক্ষে করেছিল ৩৯ রান। ২০২১ সালে এসে একই প্রতিপক্ষের বিপক্ষে তারা করে ৪৪ রান। তিনে আছে ২০২১ বিশ্বকাপেই ইংল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের ৫৫ রানের সংগ্রহ।
ফারুকীর পাঁচ উইকেট
ফজলহক ফারুকীর বোলিং ফিগার, টি-২০ বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ সেরা। ৮ রানে ৬ উইকেট নিয়ে এই তালিকায় সবার ওপরে সাবেক লংকান স্পিনার অজন্তা মেন্ডিস। ২০১২ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে এই কীর্তি গড়েন তিনি।
২০১৪ বিশ্বকাপে চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ রানে ৫ উইকেট পেয়েছিলেন রঙ্গনা হেরাথ। ২০০৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬ রান ৫ উইকেট পেয়েছিলেন পাকিস্তানের উমর গুল।
টপ অর্ডারেও রেকর্ড
আফগানিস্তানের বিপক্ষে উগান্ডার শুরুর তিন ব্যাটার রান করেছেন যথাক্রমে ৪, ৪ ও ০। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে ৭ম বার এমন হলো যেখানে কোনো দলের টপ অর্ডারের ৩ ব্যাটার ৪ বা এর কম রানে আউট হয়েছেন।
রেকর্ড ১২৫ রানের জয়
উগান্ডাকে গুঁড়িয়ে ১২৫ রানে জিতেছে আফগানিস্তান। এটিও টি-২০ বিশ্বকাপে চতুর্থ সর্বোচ্চ জয়ের ব্যবধান। সর্বোচ্চ ১৭২ রানের জয় শ্রীলংকার। ২০০৭ বিশ্বকাপে কেনিয়ার বিপক্ষে এই জয় পেয়েছিল তারা।
১৩০ রানে জয় পেয়েছে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকা। দুইবারেই প্রতিপক্ষ ছিল স্কটল্যান্ড। এই তিন জয়ের পরেই আছে আফগানদের আজকের জয়।