এই ম্যাচের শুরুর একাদশে ছিলেন না লিওনেল মেসি। যা নিয়ে শুরু হয়েছে আলোচনা। ম্যাচ জয়ের পর একাদশে তাকে না রাখার কারণ জানিয়েছেন আর্জেন্টাইন কোচ স্কালোনি।
ম্যাচের ৫৬তম মিনিটে ডি মারিয়ার বদলি হিসেবে নামেন মেসি। তাকে খেলানো নিয়ে স্কালোনির মনে কিছুটা খচখচানি কাজ করেছে। কারণ সাম্প্রতিক সময়ে চোটের সঙ্গে লড়ছেন মেসি। আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলারকে আজ তা-ও খেলিয়েছেন স্কালোনি। নিকোলাস ওতামেন্দির মতো ডিফেন্ডারকে বদলি হিসেবে রাখলেও খেলানো হয়নি।
.png)
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ বলেন, ‘মাঝেমধ্যে সময় আসে, তখন ঝুঁকি নেয়ার প্রয়োজন পড়ে না। শুধু এটা লিওর (মেসি) জন্যই নয়। অন্যান্য ফুটবলারও আজ খেলেনি—যেমন ওতামেন্দি। ডি মারিয়া কিছু সময় খেলার সুযোগ পেয়েছে। এঞ্জো অপারেশনের পর ফিরেছে।’
এদিন ৬৫ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর আলবিসেলেস্তেরা নিয়েছে ৪ শট। ইকুয়েডর ৩৫ শতাংশ বল দখলে রেখেছে। আর্জেন্টিনার লক্ষ্য বরাবর একটা শটও রাখতে পারেনি দলটি। স্কালোনির মতে, আর্জেন্টিনা ম্যাচটা দারুণ খেলেছে।
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ বলেন, ‘আমি মনে করি, আমাদের জন্য দারুণ ম্যাচ ছিল। ইকুয়েডরের জন্যও। প্রীতি ম্যাচে এমন প্রতিদ্বন্দ্বিতাই থাকা উচিত। যা করতে হতো তা-ই করেছি। আধিপত্য বিস্তার করে বলের দখল নিতে চেয়েছি।’