যে স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে ফিলিস্তিনিরা
ইসরায়েলি আগ্রসনে ঘর ছাড়া হয়েছে ফিলিস্তিনের অসংখ্য মানুষ। এমন পরিস্থিতিতে দেশটিতে ফুটবল তো দূরের কথা, জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তবে সবকিছু পেছনে ফেলে নিজ দেশের মাটিতে ফুটবল খেলতে চায় ফিলিস্তিনিরা। তাদের স্বপ্ন, শান্তিপূর্ণ সমাধান শিগগিরই তাদের আবারো ঘরের মাঠে খেলার সুযোগ করে দেবে।
মঙ্গলবার সন্ধ্যায় অস্ট্রেলিয়ার পার্থে বাছাইপর্বের শেষ খেলায় স্বাগতিকদের মুখোমুখি হয়েছে ফিলিস্তিন। উভয় দলই ইতোমধ্যে পরবর্তী পর্ব নিশ্চিত করেছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪-০ গোলে এগিয়ে আছে সকারুজরা।
সাম্প্রতিক সময়ে ইসরায়েলের হামলার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিলিস্তিন তাদের ঘরের মাঠে বাছাইপর্বের খেলা কুয়েতে স্থানান্তরিত করতে বাধ্য হয়। তারপর থেকে, কাতার এবং কুয়েত ফিলিস্তিনের ‘ঘরের’ খেলার বিকল্প ভেন্যু হিসেবে কাজ করেছে।
.png)
ফিলিস্তিনের মধ্যমাঠের খেলোয়াড় মোহাম্মদ রাশিদ বলেন, ‘এটি একটি শক্তি, এটি যে কোনো দলের জন্য সবচেয়ে বড় সুবিধা। আমরা প্রার্থনা করি যে শিগগিরই আমরা তা করতে পারব, বিশেষ করে পরবর্তী রাউন্ডে। ঘরে না খেলা আমাদের এখন পর্যন্ত সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ।’
এর আগে গত বৃহস্পতিবার লেবাননের বিপক্ষে ০-০ ড্র করে বাছাইপর্বের পরের ধাপে নিজেদের স্থান নিশ্চিত করেছে ফিলিস্তিন। এই ফলাফল তাদের টানা চতুর্থবারের মতো এশিয়া কাপে অংশগ্রহণের সুযোগ কনে দিয়েছে।
নিরাপত্তা উদ্বেগের কারণে, ২০১৯ সাল থেকে ঘরের মাঠে কোনো খেলা আয়োজন করতে পারেনি ফিলিস্তিন। নিজেদের মাঠে সর্বশেষ পশ্চিম তীরে ফয়সাল আল হুসেইনি আন্তর্জাতিক স্টেডিয়ামে সৌদি আরবের বিপক্ষে ০-০ ড্র করেছিল তারা।