এবারের আসরে এখন পর্যন্ত ২৯টি ম্যাচ মাঠে গড়িয়েছে। এর মধ্যে পরের পর্ব অর্থাৎ সুপার এইট নিশ্চিত করেছে অধিকাংশ দলই। যাদের মধ্যে রয়েছে আফগানিস্তানও। গ্রুপ পর্বে টানা তিন জয়ে দ্বিতীয় পর্বে জায়গা করে নিয়েছে তারা। সেইসঙ্গে টুর্নামেন্টে ব্যাট হাতেও রীতিমতো ছড়ি ঘোরাচ্ছে আফগানি ব্যাটাররা। যেখানে তাদের পিছু নিয়েছে আমেরিকা ও যুক্তরাষ্ট্র।
চলুন একনজরে দেখে নেয়া যাক বিশ্বকাপে এখন পর্যন্ত সেরা পাঁচ ব্যাটারকে-
.png)
রহমানউল্লাহ গুরবাজ
চলমান বিশ্বকাপে দলের সাফল্যে বড় অবদান রেখেছেন আফগানিস্তানের উইকেটরক্ষক-ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত অর্ধ শতক করে দলকে চ্যালেঞ্জিং পুঁজি এনে দিয়েছিলেন তিনি। তাতে অবশ্য বড় জয়ও পেয়েছিল আফগান আটলানরা।
এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছে আফগানিস্তান। এর সবকটিতেই একাদশে ছিলেন রহমানউল্লাহ গুরবাজ। তিন ম্যাচে ১৫৪.৬২ স্ট্রাইক রেটে ১৬৭ রান করেছেন তিনি। এই রান তুলতে ১০টি করে চার ও ছক্কা হাঁকিয়েছেন কলকাতার হয়ে খেলা এই ক্রিকেটার।
অ্যারন জোসন
সেরা রান সংগ্রাহকের তালিকায় গুরবাজকে রীতিমতো তাড়া করছেন স্বাগতিক যুক্তরাষ্ট্রের অ্যারন জোনস। বিশ্বকাপের প্রথম ম্যাচে ৯৪ রানের দুর্দান্ত ইনিংস উপহার দিয়েছিলেন তিনি। এতে অবশ্য কানাডাকে হারিয়েছিল আমেরিকানরা।
এখন পর্যন্ত ৩ ম্যাচে ১৪১ রান করেছেন অ্যারন। সেরা রান সংগ্রাহকদের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেছেন তিনি, ১৬০. ২২। ব্যাট হাতে ঝড় তুলে ১৩টি ছক্কার পাশাপাশি ৪টি বাউন্ডারিও মেরেছেন ডানহাতি এই ব্যাটার।
ডেভিড ওয়ার্নার
চলমান টি-২০ বিশ্বকাপে ইতোমধ্যে সুপার এইট নিশ্চিত করেছে আসরের অন্যতম ফেবারিট অস্ট্রেলিয়া। দলের জয়ের পাশাপাশি ব্যাট হাতে ভরসার প্রতিদান দিচ্ছেন অভিজ্ঞ ওপেনার ডেভিড ওয়ার্নার।
গ্রুপ পর্বের তিন ম্যাচে ১১৫ রান করেছেন ওয়ার্নার। ১৫৩.৩৩ স্ট্রাইক রেটে এই রান তুলেছেন তিনি। সেইসঙ্গে ১১টি চার ও ৬ ছক্কা মেরেছেন তিনি।
ইব্রাহিম জাদরান
এবারের আসরে এখন পর্যন্ত সেরা রান সংগ্রাহকের তালিকায় আছেন আরেক আফগান ওপেনার। রহমানউল্লাহর সঙ্গে ব্যাট হাতে ঝড় তোলেন তিনি। বলছি ২১ বছর বয়সী ইব্রাহিম জাদরানের কথা।
তিন ম্যাচে ১২১.২৭ স্ট্রাইক রেটে ১১৪ রান করেছেন এই ব্যাটার। পাশাপাশি ১২টি চার ও ৩ ছক্কা এসেছে তার ব্যাট থেকে।
আন্দ্রেস গাউস
দলের মতোই হাসছে আন্দ্রেস গাউসের ব্যাট। দলের গুরুত্বপূর্ণ দুই জয়ের ম্যাচে ব্যাট হাতে অবদান রেখেছেন যুক্তরাষ্ট্রের এই টপ অর্ডার। তিন ম্যাচে ১৩২.৪৬ স্ট্রাইক রেটে ১০২ রান করেছেন তিনি। যেখানে ১২টি চারের সঙ্গে ৪ ছয় মেরেছেন এই ব্যাটার।