বুধবার অ্যান্টিগুয়ার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে সুপার এইটের গ্রুপ-২ এর প্রথম ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা-যুক্তরাষ্ট্র। ম্যাচটি শুরু হবে রাত সাড়ে ৮টায়। আর খেলা দেখাবে নাগরিক টিভি।
গ্রুপ পর্বে কোনো ম্যাচ হারেনি দক্ষিণ আফ্রিকা। তবে শ্রীলংকার বিপক্ষে সহজ জয়ের পর টানা তিন ম্যাচে ঘাম ছুটেছে প্রোটিয়াদের। এর মধ্যে বাংলাদেশের সঙ্গে ৪ এবং নেপালের সঙ্গে জিতেছে মাত্র ১ রানে।
.png)
কঠিন উইকেট প্রোটিয়াদের সাফল্যের মূলেও বোলিং। নরকিয়া, বার্টমেন, জানসেন, রাবাদারা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন আমেরিকার বিপক্ষেও। তবে চিন্তার কারণ ব্যাটিং। এখনও ১২০ রান পার করতে পারেনি প্রোটিয়ারা। সুপার এইটে ছন্দের খোঁজে কুইন্টন ডি কক, হেনরিখ ক্লাসেনরা।
প্রোটিয়া দলপতি এইডেন মার্করাম বলেন, ‘যুক্তরাষ্ট্র বেশ ভালো দল, অনেকে বলবে ওরা মিনোস। তবে ভালো ক্রিকেট খেলে ওরা নিজেদের শক্তিমত্তার পরিচয় দিয়েছে। শতভাগ দিয়ে খেলবে দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজের এসে নতুন কন্ডিশনে খেলব, সবাই বেশ রোমাঞ্চিত।’
সুপার এইট খেলা যুক্তরাষ্ট্রের কাছে স্বপ্নের মত। যে স্বপ্নযাত্রা অব্যহত রাখতে চায় মোনাঙ্ক প্যাটেলের দল। তাদের হারানোর কিছু নেই, আছে শুধু নিজেদের পুরোটা উজাড় করে দেয়ার।
যুক্তরাষ্ট্রের ব্যাটার অ্যারন জোন্স বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের আমাদের অনেক সমর্থক রয়েছে। যা যুক্তরাষ্ট্রকে বেশ উজ্জীবিত করবে। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলতে চাই। ওভার প্রতি ৫ কিংবা ১৫ রান যখন যেমন দরকার হয়।’
দুঃসময়ে ব্যাটারদের স্বস্তি মিলতে পারে নর্থ সাউন্ডে। এখানে গ্রুপ পর্বে ওমানের দেড়শ রান ১৩.১ ওভারে টপকে যায় স্কটল্যান্ড। আবার ওমান-নামিবিয়ার ছোট টার্গেট হেসেখেলে জয় করে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড।
টি-২০তে প্রথম দেখা দক্ষিণ আফ্রিকা-যুক্তরাষ্ট্রের। স্বাভাবিকভাবেই নিজেদের প্রথম দেখায় জয় পেতে মরিয়া দুদলই।
দক্ষিণ আফ্রিকা দল: এইডেন মার্করাম (অধিনায়ক), ওটনিয়েল বার্টমেন, জেরাল্ড কোয়েৎজে, কুইন্টন ডি কক, জর্ন ফরটুইন, রেজা হেনড্রিকস, মার্কো জানসেন, হেনরিখ ক্লাসেন, কেশভ মহারাজ, ডেভিড মিলার, আনরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, তাবরাইজ শামসি, ত্রিস্টান স্টাবস।
যুক্তরাষ্ট্র দল: মনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), আরন জনস, আন্দ্রেস গাউস, কোরে অ্যান্ডারসন, আলি খান, হারমীত সিং, জেসি সিং, মিলিন্দ কুমার, নিসর্গ প্যাটেল, নীতিশ কুমার, নোশতুশ কেনজিগ, সৌরভ নেত্রালভাকার, শেলডি ফন শ্যালউইক, স্টিভেন টেইলর ও শায়ান জাহাঙ্গীর।