সর্বপ্রথম ২০১৪ সালে নিজেদের প্রথম টি-২০ বিশ্বকাপ খেলেছিল আফগানিস্তান। অথচ ২০০৭ থেকে সবগুলো টি-২০ বিশ্বকাপ খেলেও কখনোই সেমিতে যেতে পারেনি বাংলাদেশ।
দুই দলের পার্থক্য কোথায়? আজ ম্যাচ শেষে এমন প্রশ্নের জবাবে আফগানিস্তান দলপতি রশিদ খান বলেন, ‘বাংলাদেশ ও আফগানিস্তানের পার্থক্য খুব বেশি নেই। দুই দলই ভালো ক্রিকেট খেলে। বিশেষ করে সাদা বলে… আমার মনে হয়, খুব একটা পার্থক্য নেই। শুধু সংক্ষিপ্ত সংস্করণে আফগানিস্তানের শক্তিশালী ‘হিটার’ আছে, যারা বল সীমানা ছাড়া করতে পারে। তবে ওদের ব্যাটাররাও ভালো।’
.png)
আফগানিস্তান ও বাংলাদেশকে একই পর্যায়ের দল মনে করেন জানিয়ে রশিদ আরো বলেন, ‘সত্যি বলতে, সাদা বলের ক্রিকেটে দুই দলের পার্থক্য খুব বেশি দেখি না। বাংলাদেশে ওদের সঙ্গে আমরা অনেক খেলেছি। আমরা দুটি ম্যাচ জিতেছি বলেই এমন নয় যে, ওদের চেয়ে অনেক অনেক ভালো দল হয়ে গেছি। আমরা একই পর্যায়ের দল। ব্যাপারটি হলো নির্দিষ্ট দিনে সঠিক ক্রিকেট খেলতে পারা এবং এভাবেই আরও ভালো দল হয়ে উঠতে হয়।’
রশিদ এটাও জানিয়েছেন, ‘আমার চোখে, ভালো দল আর খারাপ দল বলে কিছু নেই। সব দলই সমান। যে দিন যে দল ভালো খেলে, তারাই ভালো দল। যে দিন মাঠে নেমে সঠিক সিদ্ধান্ত নিতে পারে কোনো দল, সেখানেই পরাজিত দলের সঙ্গে পার্থক্য গড়ে ওঠে। এছাড়া স্কিলের দিক থেকে আমার মনে হয় সব দলই কাছাকাছি।’
আগামী ২৭ জুন বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে আফগানিস্তান। ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে ভোর সাড়ে ৬টায়।