বিশ্বকাপের যে পরিসংখ্যানে চ্যাম্পিয়ন ভারতও বাংলাদেশের চেয়ে পিছিয়ে
বিশ্বকাপের আগে সেমিফাইনালের স্বপ্ন দেখা বাংলাদেশ থেমেছে সুপার এইটে গিয়ে। নিজেদের খামখেয়ালি আচরণের কারণে আফগানিস্তানের বিপক্ষে জয়ের সুযোগ থাকলেও হেরেই বিদায় নেয় বাংলাদেশ।
বিশ্বকাপ শেষে এখন চলছে পরিসংখ্যান আর তথ্যের বিশ্লেষণ। সেই বিশ্লেষণে দেখা গেল ভিন্ন তথ্য। পুরো বিশ্বকাপে সুপার এইটে খেলা দলগুলোর মধ্যে ক্যাচ নেয়ার হিসেবে নতুন চ্যাম্পিয়ন ভারতকেও পেছনে ফেলেছে বাংলাদেশ। এমনকি টাইগারদের আগে নেই সাবেক চ্যাম্পিয়ন ইংল্যান্ড ছাড়া আর কোনো দলই।
রানার্সআপ দক্ষিণ আফ্রিকার চেয়েও বাংলাদেশের ক্যাচ ধরার শতকরা সাফল্য ছিল বেশি। কমপক্ষে সুপার এইট খেলেছে এমন দলের মধ্যে বাংলাদেশের চেয়ে ক্যাচ নেয়ায় এগিয়ে আছে কেবল ইংল্যান্ড। ৮৭ দশমিক ৯০ শতাংশ ক্যাচই তালুবদন্দি করেছে জস বাটলাররা। আর ৮৭ দশমিক ৫০ শতাংশ ক্যাচ নিয়েছে টাইগার ফিল্ডাররা। আসরে বাংলাদেশ নিয়েছে ২৮টি ক্যাচ আর ইংল্যান্ড নিয়েছে ২৯টি ক্যাচ। দুই দলই ছেড়েছে ৪টি করে ক্যাচ।
.png)
৩৫টি ক্যাচ নিলেও অস্ট্রেলিয়া এবারের আসরে সবচেয়ে বেশি ১৫টি ক্যাচ মিস করেছে। ৭০ শতাংশ ক্যাচ ধরেছে তারা। ভারত ৪৫ ক্যাচ নিয়ে মিস করেছে ১১টি। তারা তালুবন্দি করেছে ৮০ দশমিক ৪০ শতাংশ ক্যাচ। তারা দুই দল আছে সবার নিচে। ৮৫ শতাংশ ক্যাচ নিয়ে ওয়েস্ট ইন্ডিজ আছে তিনে। ৮৩ দশমিক ৬০ শতাংশ ক্যাচ সফলভাবে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। আফগানিস্তান নিয়েছে ৮২ দশমিক ৫০ শতাংশ ক্যাচ। আর যুক্তরাষ্ট্র সফল হয়েছে ৮২ দশমিক ৪০ শতাংশ ক্যাচ নেয়ার ক্ষেত্রে।
এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি ক্যাচ নিয়েছে দক্ষিণ আফ্রিকা। মোট ৪৬ ক্যাচ নিয়েছেন এইডেন মার্করামরা। সবচেয়ে বেশি মিস করেছে অস্ট্রেলিয়া। অজিরা ছেড়ে দিয়েছে ১৫ ক্যাচ। সব কম ক্যাচ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা লুফে নিয়েছে ১৪ ক্যাচ। মিসও সবচেয়ে কম করেছে তারাই। ৩ ক্যাচ ছেড়েছিল স্বাগতিকরা।