লম্বা সময় পর আবারো এশিয়া কাপ আয়োজনের সত্ত্ব পেয়েছে বিসিবি। মহাদেশীয় ক্রিকেটের শ্রেষ্ঠত্বের ১৮তম আসরের স্বাগতিক হবে বাংলাদেশ। সবকিছু ঠিক থাকলে ২০২৭ সালের এশিয়া কাপ আয়োজন করবে টাইগাররা।
রোববার এশিয়া কাপের পরবর্তী দুই আসরের নাম প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। যেখানে এশিয়া কাপের ১৭তম আসরের আয়োজক হিসেবে ঘোষণা করা হয়েছে ভারতের নাম। যা অনুষ্ঠিত হবে ২০২৫ সালে। এর পরের আসরই অর্থাৎ ২০২৭ সালের এশিয়া কাপ আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
.png)
২০২৬ টি-২০ বিশ্বকাপকে সামনে রেখে ২০২৫ এর এশিয়া কাপ হবে টি-২০ ফরম্যাটে। আর ২০২৭ সালে ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপ হবে ওয়ানডে ফরম্যাটে।
জানা গেছে, সংস্করণ বদলে গেলেও দুই আসরেই ১৩টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ও ভারত ছাড়াও এশিয়া কাপে অংশ নেবে পাকিস্তান, শ্রীলংকা ও আফগানিস্তান।
এ ছাড়াও বাছাইপর্ব পেরিয়ে একটি করে সহযোগী সদস্য দেশ যোগ দেবে মহাদেশীয় এই টুর্নামেন্টে।