ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
প্যারিস অলিম্পিক গেমস - ২০২৪

যে কারণে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন মার্তা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৩, ১ আগস্ট ২০২৪
যে কারণে কাঁদতে কাঁদতে মাঠ ছাড়েন মার্তা
ছবি- সংগৃহীত

খেলার মাঠে খেলোয়াড়দের কান্নাকাটির ঘটনা নতুন কিছু নয়। বড় মঞ্চে প্রায়ই তারকাদের কান্নাভেজা চোখে মাঠ ছাড়তে দেখা যায়। প্যারিস অলিম্পিকে এবার কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন ব্রাজিলের মার্তা ভিয়েইরা দা সিলভা।   

বুধবার রাতে বোর্দোতে স্পেনের বিপক্ষে ম্যাচে মার্তার কান্নার ঘটনা ঘটেছে। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে লাল কার্ড ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। 

বক্সের বাইরে নিচু হয়ে হেড করতে যান স্পেনের ডিফেন্ডার ওলগা কার্মোনা। বল ক্লিয়ার করতে গিয়ে কারমোনাকে বুট দিয়ে বিপজ্জনক চ্যালেঞ্জ করেন মার্তা। আঘাত পেয়ে কারমোনা মাঠে লুটিয়ে পড়লে সঙ্গে সঙ্গে মার্তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। রেফারির সিদ্ধান্তে রাগান্বিত হয়ে কোনো প্রতিক্রিয়া দেখাননি মার্তা। বিপরীতে কান্নাভেজা চোখে মাঠ ছেড়েছেন। 

Advertisement

কয়েক মাস আগেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মার্তা। ব্রাজিলের তারকা ফরোয়ার্ড জানিয়েছিলেন, ২০২৪ সালটাই তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ বছর হতে যাচ্ছে। এমনকি গত রাতে এটা মার্তার অলিম্পিকে শেষ ম্যাচও হয়ে যেতে পারত। কারণ ব্রাজিল নারী ফুটবল দল এবারের অলিম্পিকে প্রথম পর্ব থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় ছিল। স্পেনের কাছে ২-০ গোলে হেরে বসে ব্রাজিল। তাতে ৩ ম্যাচে ১ জয় ও ২ পরাজয়ে ৩ পয়েন্ট হয়ে যায় ব্রাজিলের।

বিজো স্টেডিয়ামে অনুষ্ঠিত জাপা-নাইজেরিয়া ম্যাচের ফলই ব্রাজিলকে বাঁচিয়ে দিয়েছে। নাইজেরিয়াকে ৩-১ গোলে হারায় জাপান। তাতে ‘সি’ গ্রুপের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্পেন, জাপান ও ব্রাজিল। 

অলিম্পিক নারী ফুটবলের কোয়ার্টার ফাইনালের লাইন আপ ঠিক হয়ে গেছে গত রাতেই। ব্রাজিল খেলবে স্বাগতিক ফ্রান্সের বিপক্ষে। বাংলাদেশ সময় ৩ আগস্ট রাত ১টায় হবে ব্রাজিল-ফ্রান্স নারী অলিম্পিকের কোয়ার্টার ফাইনাল। 

কোয়ার্টার ফাইনালের বাকি তিন ম্যাচ জাপান-যুক্তরাষ্ট্র, স্পেন-কলম্বিয়া, কানাডা-জার্মানি—সবই হবে ৩ আগস্ট।

ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!