ওয়ানডেতে মনোযোগ নিতে চান রিয়াদ
ক্রিকেটপাড়ায় আকস্মিক গুঞ্জন উঠেছিল, আন্তর্জাতিক টি-২০ থেকে অবসর নেবেন মাহমুদউল্লাহ রিয়াদ। টেস্ট ক্রিকেটকে ২০২১ সালের জুলাইয়ে বিদায় জানিয়েছিলেন। সেই সময় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে বেশ নাটকীয়ভাবেই বিদায় নিলেও এবার আর কোনো নাটক মঞ্চস্থ হয়নি। সংবাদ সম্মেলনে নিজের মুখেই দিলেন অবসরের ঘোষণা।
দিল্লিতে মঙ্গলবার বাংলাদেশ-ভারত সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচের আগের দিন সাংবাদিকদের মুখোমুখি হন সাইলেন্ট কিলার নামে খ্যাত এই ক্রিকেটার। সকল জল্পনার অবসান ঘটিয়ে পরিষ্কার ভাষায় অবসরের বিষয়টি জানান।
‘এই সিরিজের শেষ ম্যাচের পরেই আমি টি-২০ থেকে অবসর নেবো। আসলে এটা আমি এই সফরে আসার আগেই ঠিক করে রেখেছিলাম। আমি আমার পরিবারের সঙ্গে কথা বলেছি। আমার কোচ, অধিনায়ক, নির্বাচক এবং বোর্ড সভাপতিকেও সিদ্ধান্ত জানিয়েছি।’
.png)
৩৮ বর্ষী সাবেক টাইগার অধিনায়ক অবশ্য এখনই ওয়ানডে ফরম্যাট থেকে সরতে নারাজ। জাতীয় দলের হয়ে ৫০ ওভারের ক্রিকেটে ক্যারিয়ারটা আরো মনযোগী হতেই টি-২০ ফরম্যাট থেকে বিদায়ের সিদ্ধান্ত নিয়েছেন বলেও মন্তব্য করেন।
‘আমি মনে করি এই সংস্করণ থেকে সরে নিয়ে সামনে ওয়ানডেতে যা আছে, সেদিকে মনযোগ দেওয়ার এটাই সঠিক সময়। আমার জন্য এবং পরের (টি-২০) বিশ্বকাপের কথা যদি ভাবি, দলের জন্যও এটাই সঠিক সময়।’
২০০৭ সালের সেপ্টেম্বরে নাইরোবিতে কেনিয়ার বিপক্ষে টি-২০ অভিষেক। সেই থেকে বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৩৯টি টি-২০ খেলেছেন মাহমুদউল্লাহ। ১১৭.৭৪ স্ট্রাইক রেটে রান করেছেন ২৩৯৫, গড় ২৩.৪৮।