ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ বাড়লো পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০০:১৪, ২৮ অক্টোবর ২০২৪
টেস্ট চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ বাড়লো পাকিস্তানের
ফাইল ফটো

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় সবার শীর্ষে বেশ শক্তভাবেই ছিল ভারত। সেখান থেকেই নিউজিল্যান্ডের মুখোমুখি হয় টিম ইন্ডিয়া। তবে কিউইদের বিপক্ষে ঘরের মাঠে পর পর দুই ম্যাচ হারে ভারতীয় দল। 

এতে অবশ্য রেটিং পয়েন্ট কমে যায় তাদের। রেটিং পয়েন্ট কমলেও পয়েন্ট তালিকায় এখনো শীর্ষে ভারত। 

এদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তলানিতে ছিল পাকিস্তান। কিন্তু ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে এক লাফে নবম থেকে সপ্তম স্থানে উঠেছে তারা। তাই এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সুযোগ কিছুটা হলেও থাকছে তাদের সামনে।

Advertisement

তবে পাকিস্তানকে ফাইনালে যেতে হলে অবশ্যই নিজেদের বাকি চারটি টেস্ট জিততে হবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের দেশে দু’টি ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে দু’টি টেস্ট রয়েছে পাকিস্তানের। সেই চারটি টেস্ট জিতলে পাকিস্তানের পয়েন্টের শতাংশ হবে ৫২.৩৮। এই পয়েন্টের শতাংশের উপর ভিত্তি করেই প্রথম দুই দল ফাইনালে খেলে।

তবে শুধুমাত্র নিজেদের জয়েই ফাইনাল খেলা হবে না পাকিস্তানের। তার জন্য অন্য দলগুলোকেও হারতে হবে। পাকিস্তানের উপর রয়েছে ভারত, অস্ট্রেলিয়া, শ্রীলংকা, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড। তার মধ্যে ইংল্যান্ডের আর খেলা বাকি নেই। বাকি পাঁচটি দলকে গুরুত্বপূর্ণ ম্যাচে হারতে হবে। তা হলে তাদের পয়েন্ট কমবে। সে ক্ষেত্রে পাকিস্তানের সুযোগ থাকবে প্রথম দুই দলের মধ্যে শেষ করার। তবে তার সম্ভাবনা খুব কম।

পাকিস্তানের যেমন ফাইনালে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে, তেমনই ভারত চাপে পড়েছে। যদিও এখন শীর্ষে রয়েছে তারা। নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট বাকি রোহিতদের। তারপর অস্ট্রেলিয়ায় গিয়ে তাদের বিপক্ষে পাঁচটি টেস্ট খেলতে হবে ভারতকে। এই ৬টি টেস্টের মধ্যে অন্তত চারটি টেস্ট জিততে হবে রোহিতদের। বাকি দু’টি টেস্ট ড্র করলেই হবে। কিন্তু হারলেই বিপদ।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!