ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শান্তর নেতৃত্ব ছাড়া নিয়ে বিসিবি সভাপতির সাফ কথা 

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০০, ৩০ অক্টোবর ২০২৪
শান্তর নেতৃত্ব ছাড়া নিয়ে বিসিবি সভাপতির সাফ কথা 
নাজমুল হোসেন শান্ত

ক্রিকেটভিত্তিক একটি ওয়েবসাইটে খবর বেরিয়েছিল, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াবেন নাজমুল হোসেন শান্ত। মূলত নিজের পারফরম্যান্সে মনোযোগ বাড়াতেই এমন সিদ্ধান্ত নিচ্ছেন টাইগার দলপতি। 

বিসিবি সভাপতি ফারুক আহমেদ অবশ্য এ ব্যাপারে ভিন্ন সুরে কথা বললেন। সাংবাদিকদের জানালেন, নেতৃত্ব ছাড়ার বিষয়ে বিসিবির সঙ্গে শান্তর এখনো নাকি কথাই হয়নি।

বুধবার (৩০ অক্টোবর) ক্রিকেট বোর্ডের বর্তমান পরিচালনা পর্ষদের জরুরি সভায় শান্তর অধিনায়কত্ব বিষয়ে আলোচনা হবে বলে জানা গিয়েছিল। সূত্রের খবর, অন্তত চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত শান্তকে রেখে দেওয়ার পক্ষে পরিচালকরা।

Advertisement

সভার আগেই গণমাধ্যমকে ফারুক বলেন ‘কোনো প্রেসের সঙ্গে নাজমুল এই ব্যাপারে কথা বলেছে কি না আমি জানি না। স্যোশাল মিডিয়ার যুগে অনেক সময় ওদের স্ট্রেস কাজ করে। যেকোনো নিউজ তাদের ওপর প্রভাব ফেলতে পারে। তবে এমন কিছু হলে বাইরে কথা না বলে সরাসরি কথা বলা ভালো।’ 

সম্প্রতি ক্রিকেটভিত্তিক ওয়েবসাইটের সে প্রতিবেদনে বলা হয়েছিল, বিসিবির বেশ কয়েকজন উর্ধ্বতন কর্মকর্তা শান্তকে অধিনায়ক হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়ার পরামর্শ দিলেও সেটাতে রাজী হননি তিনি। এমনকি গত টি-২০ বিশ্বকাপের পরই এ ফরম্যাটের নেতৃত্ব ছাড়তে চেয়েছিলেন তিনি। 

বিসিবি সভাপতি অবশ্য বললেন, ‘যদি এমন কিছু হয় তাহলে ছাড়তে চায় বা এমন কিছু অনুভব করে তাহলে সরাসরি অপারেশন বিভাগ কিংবা পরিচালক বা বোর্ড সভাপতিকে জানাতে পারে। যদি সে কন্টিনিউ করতে না পারে এটা তার ব্যক্তিগত ব্যাপার। এটা নিয়েও আমরা আলোচনা করব। আমিও জানি না এই ব্যাপারে। আমি আপনাদের মতোই শুনেছি।’ 

‘দেখেন যদি না চায়, সরাসরি বলা উচিৎ আমি করতে চাই না। ধন্যবাদ বলে ছেড়ে দিলাম। আমি চট্টগ্রামে আজ রাতে যাচ্ছি। কাল বা এর পরের দিনের মধ্যে কোচ ও দলের সঙ্গে বসবো, এরপর আপনাদের জানাতে পারবো।’

ডেইলি-বাংলাদেশ/শুভ
লিংক সফলভাবে কপি হয়েছে!