নর্থ সাউন্ডে শনিবার হাই স্কোরিং খেলায় টসে হেরে আগে ব্যাটিংয়ে নামা উইন্ডিজ ৬ উইকেটে তোলে ৩২৮ রান। জবাবে ইংল্যান্ড ১৫ বল হাতে রেখে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়।
ম্যাচ শেষে শতকের দেখা পাওয়া লিভিংস্টোন বলেন, ‘গ্রীষ্মের শেষে মনে হয়েছে, আমি আমার সেরাটায় ফিরছি, পরিপক্ব হচ্ছি, খেলাটা আরও ভালো বুঝছি। আমি খেলাটা উপভোগ করছি। আমি যদি খেলাটা উপভোগ করি, সাধারণত ভালো খেলি। শুরুতেই কিছু ঝুঁকি নিয়েছিলাম। বাতাস প্রবল ছিল। নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম, শেষের জন্য প্রস্তুত করছিলাম। আমি এবং স্যামি (কারেন) এভাবেই খেলছিলাম।’
.png)
স্বাগতিকরাদের হয়ে সেঞ্চুরি হাঁকিয়ে অধিনায়ক শাই হোপ ১২৭ বলে ৮ চার ও ৩ ছক্কায় ১১৭ রানের ইনিংস খেলেন। কেসি কার্টি ৭১ ও শেরফেন রাদারফোর্ড ৩৬ বলে ৫৪ রানের ইনিংস খেলেন।ইংলিশদের পক্ষে জন টার্নার ও আদিল রশিদ ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট পান জোফরা আর্চার ও লিভিংস্টোন।
ফিল সল্ট ৫৯ এবং জ্যাকব বেথেল ৫৫ রানের ইনিংস খেলে রান তাড়ায় ইংল্যান্ডকে কক্ষপথে রাখেন। এরপর ৫২ রানের ইনিংস খেলা স্যাম কারেনকে নিয়ে পঞ্চম উইকেটে লিভিংস্টোন ১৪০ রানের জুটি গড়েন।
কারেন আউট হলেও জয় নিয়ে মাঠ ছাড়া লিভিংস্টোন ৮৫ বলে ৫ চার ও ৯ ছক্কায় ১২৪ রানে অপরাজিত থাকেন। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরিটি স্মরণীয় করে রাখেন। উইন্ডিজের পক্ষে ম্যাথু ফোর্ড ৩টি ও একটি করে উইকেট দখল করেন শামার জোসেফ এবং রোস্টন চেস।
আগামী ৭ নভেম্বর সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচটি হবে। দিবারাত্রির এই খেলাটির ভেন্যু ব্রিজটাউন।