ব্রিজটাউনে বুধবার টসে হেরে ব্যাটিংয়ে নামা ইংল্যান্ড তোলে ৮ উইকেটে ২৬৩ রান। জবাবে উইন্ডিজ ৪২ বল বাকি রেখে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়।
ম্যাচের শুরুর দিকেই ঘটে নাটক। ইংল্যান্ডের স্কোর তখন ৩ ওভারে এক উইকেট ১০ রান। চতুর্থ ওভারের দ্বিতীয় বলে জর্ডান কক্সের উইকেট পান জোসেফ। ঐ ওভারেই লম্বা সময় ধরে হোপের সঙ্গে তর্ক জুড়ে দেন উইন্ডিজের এই পেসার। আম্পায়ার এসে তাদের তাড়া দিতে বাধ্য হন। মূলত মাঠএ ফিল্ডিং সাজানো নিয়েই দুজনে বাদানুবাদে জড়ান। জোসেফ এক পর্যায়ে আঙুল উঁচিয়ে কথা বলেন।
.png)
উইকেট শিকারের পরেও জোসেফ উদযাপন করেননি। মেডেন ওভার শেষের পর মাঠ ছেড়ে চলে যান। কোচ ড্যারেন স্যামি এসে তাকে বোঝানোর চেষ্টা করেও তেমন লাভ হয়নি। অল্প কিছুক্ষণ ১০ জন নিয়ে ফিল্ডিং চালিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। পরে দ্বাদশ ফিল্ডার হেইডেন ওয়ালশ মাঠে নামেন। জোসেফ অবশ্য এক ওভার পরই মাঠে ফিরে যান এবং শেষ পর্যন্ত ১০ ওভার বোলিং করেন।
দলীয় ২৪ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়া ইংলিশদের হাল ধরেন ওপেনার ফিল সল্ট ও স্যাম কারেন। পঞ্চম উইকেটে তারা গড়েন ৭০ রানের জুটি। কারেন ব্যক্তিগত ৪০ রানে ফেরেন। ষষ্ঠ উইকেটে ৭০ রানের জুটি গড়েন সল্ট ও ড্যান মৌসলি।
১০৮ বলে ৭৪ রান করে ফেরেন সল্ট। ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ফিফটিতে মৌসলি করেন ৭০ বলে ৫৭ রান। জেমি ওভারটন ২১ বলে ৩২ ও জোফরা ১৭ বলে ৩৮ রানের অপরাজিত ইনিংসে ভর করে আড়াইশ পেরোয় ইংল্যান্ডের স্কোর। শেষ ৯ ওভারে সফরকারীরা তোলে ৯৯ রান।
রান তাড়া করতে নেমে দলীয় ৪২ রানে আউট হন এভিন লুইস। এরপর কার্টিকে সঙ্গে নিয়ে ২০৯ রানের জুটি গড়েন কিং, যা ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে যেকোনো উইকেট জুটিতে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ।
১৩ চার ও ১ ছক্কায় কিং ১০২ রান করে যখন আউট হন, তখন জয় থেকে মাত্র ১৩ রান দূরে ওয়েস্ট ইন্ডিজ। এরপর অধিনায়ক শাই হোপকে নিয়ে দ্রুতই বাকি কাজ সেরেছেন কার্টি।
ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি পাওয়ার রাতে কার্টি ১৫ চার ও ২ ছক্কায় ১২৮ রানে অপরাজিত থাকেন। তবে ম্যাচসেরার পুরস্কারটা উঠেছে কিংয়ের হাতে। আর এ ম্যাচে ৩ উইকেটসহ সিরিজে ৮ উইকেট নেওয়া পেসার ম্যাথু ফোর্ড পেয়েছেন সিরিজসেরার স্বীকৃতি।
ম্যাচ শেষে অধিনায়ক হোপের কাছে জোসেফের রেগে যাওয়ার কারণ জানতে চাওয়া হয়েছিল। কিন্তু হোপ এ ব্যাপারে কিছু বলতে রাজি হননি, ‘মন্তব্য করতে চাই না। খেলায় এমনটা হতেই পারে।’
কোচ স্যামির ভাষ্য ‘ক্রিকেট মাঠে এমন আচরণ অগ্রহণযোগ্য। আমরা সবাই বন্ধু হয়ে থাকব। আমি যে সংস্কৃতি তৈরির চেষ্টা করছি, সেখানে এটা মেনে নেওয়া যায় না। এই বিষয়ে আমরা অবশ্যই কথা বলবো।’
দুই দল এখন মুখোমুখি হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে, শনিবার যা শুরু ব্রিজটাউনে।