ব্যাটারদের হাস্যকর পারফরম্যান্সে আফগানিস্তানের কাছে বিস্ময়করভাবে হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের হতাশায় প্রকাশ করে এ কথাগুলো লিখেছেন আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক বর্তমানে আইসিসির ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কর্মরত আছেন।
শারজাহতে বাংলাদেশের ম্যাচের পর অতিমাত্রায় কোচ পরিবর্তনের সমালোচনায় বুলবুল গণমাধ্যমকে বলেন, ‘আমি কোচ পরিবর্তন করার পক্ষে না। কেননা কোচ পরিবর্তন করা মানে একজন ডাক্তার পরিবর্তন করা। একটা কোচ তার প্লেয়ারদের শুধু স্কিল নিয়ে কাজ করে না। প্লেয়ারদের সাইকোলজি নিয়েও কাজ করে। ঘনঘন কোচ পরিবর্তন একটা দলের জন্য অবশ্যই ক্ষতিকর ব্যাপার। এখানে পারফরম্যান্সের একটা বড় ঘাটতি হয়।’
.png)
‘জাতীয় দলে যারা কোচ হয় তারা কিন্তু স্কিল শেখায় না, ট্যাকটিস শেখায় না। তারা কাজ করে মানসিক অবস্থা নিয়ে। এখানে ভাষা একটা বড় ব্যাপার, সংস্কৃতি একটা বড় ব্যাপার। আর যদি নতুন কোচ বারবার পরিবর্তন হতে থাকে এতে কোনো উপকার হয় না, অপকারই হয়।’
বাংলাদেশের সহকারী কোচের দায়িত্বে ফেরা মোহাম্মদ সালাহউদ্দিনকে নিয়ে আনন্দিত বুলবুল। তার ভাষ্য, সালাহউদ্দিন এর আগেও সহকারী কোচ ছিল। সালাহউদ্দিনের মান নিয়ে কোনো প্রশ্ন নেই। সে খুবই সফল কোচ। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সে বাংলায় কথা বলে, বাংলাদেশের সংস্কৃতি জানে। উপমহাদেশে কোচিংয়ের তিনটা ভাষা ব্যবহার করা যায়। একটা হচ্ছে তুই, একটা তুমি এবং একটা আপনি।
‘সালাহউদ্দিনের সাথে বেশিরভাগ ক্রিকেটারের সম্পর্ক হচ্ছে তুই। এটা একটা বড় সুবিধা, এটায় কাছের করে নেয়া যায়। সালাহউদ্দিনের অভিজ্ঞতা, ওর মান প্লেয়ারদের সাইকোলজি বোঝা- সবমিলিয়ে সে দারুণ চয়েস।’