ম্যানচেস্টার সিটি ছেড়ে যাওয়ার চিন্তা-ভাবনা সত্ত্বেও শেষ পর্যন্ত ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ আরো দুই মৌসুম বৃদ্ধির পর এমন মন্তব্য করেন পেপ গার্দিওলা। ইতিহাদের ক্লাবটির ইতিহাসের সফলতম কোচ অকপটেই নিজের মনের কথাগুলো গণমাধ্যমকে জানান।
ইপিএলে সময়টা ম্যানসিটির মোটেও ভালো যাচ্ছে না। একের পর এক ফুটবলার চোটে আক্রান্ত। সব প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ চার ম্যাচে জয়হীন। প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকায় শীর্ষস্থানটাও হারিয়েছে। সবার উপরে থাকা লিভারপুলের চেয়ে দলটি ৫ পয়েন্ট পিছিয়ে আছে।
.png)
প্রতিকূল পরিস্থিতিতে চুক্তি বাড়ানো প্রসঙ্গে গার্দিওলা বলেন, ‘ম্যানচেস্টার সিটি মানে আমার কাছে অনেক কিছু। এখানে আমার নবম মৌসুম চলছে এবং একসঙ্গে অসাধারণ অনেক সময় আমরা কাটিয়েছি। এই ফুটবল ক্লাবের জন্য আমার অনুভূতি সত্যিকার অর্থেই বিশেষ। এজন্যই আরও দুই মৌসুম থাকতে পেরে আমি উচ্ছ্বসিত।’
‘এখানে থাকতে পারা সবসময়ই সম্মানের, সন্তুষ্টির ও মর্যাদার। আগেও বহুবার বলেছি, একজন ম্যানেজারের যা চাওয়া থাকত পারে সবকিছুই আমি পেয়েছি। এজন্য আমি খুবই কৃতজ্ঞ। আশা করি, আগের ট্রফিগুলোর সঙ্গে আরো ট্রফি যোগ করতে আমরা পারবো। আমার মনোযোগ সেদিকেই থাকবে।’