আগে বোলিং নেয়ার যে কারণ বললেন মিরাজ
প্রথমবার দেশকে সাদা পোশাকে নেতৃত্ব দিতে নেমেছেন মেহেদী হাসান মিরাজ। অ্যান্টিগা টেস্ট দিয়ে আভিজাত্যপূর্ণ এই সংস্করণে ৫০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশি অলরাউন্ডার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
আগে বোলিং বেছে নেয়ার কারণ সম্পর্কে মিরাজ বলেন,আমি মনে করি প্রথম ঘণ্টা বোলারদের জন্য গুরুত্বপূর্ণ। উইকেট ভালো দেখাচ্ছে, কিন্তু আমাদের প্রথম ঘন্টায় সুবিধা নিতে হবে। আমরা দুইজন স্পিনার খেলছি, তাইজুল এবং আমি তিনজন ফাস্ট বোলার খেলবে।
পিচ রিপোর্টে সাবেক ক্যারিবীয় পেসার কার্টলি অ্যামব্রোস জানিয়েছেন, ফাস্ট বোলারদের জন্য এটি দারুণ পিচ। ঘাস তাদের সহায়তা করবে। বলের গতি ও বাউন্স থাকাটা প্রত্যাশিত। পরে অবশ্য এটি ব্যাটিং উপযোগী হবে।
.png)
মিরাজ অবশ্য ব্যাটারদের দায়িত্ব নেয়ার বিষয়টি মনে করিয়ে দেন। তার ভাষ্য, টপ অর্ডার ব্যাটসম্যানদের জন্য ভালো সুযোগ। আমাদের ব্যাটিংয়ে মনোযোগ দিতে হবে।
সর্বশেষ ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজে এই সংস্করণে সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেবার ২ ম্যাচের সিরিজে হেরেছিল সফরকারীরা। তবে এবার ভালো কিছু করতে চান অধিনায়ক মিরাজ।
ম্যাচের আগের দিন বলেছিলেন, ‘আমাদের লক্ষ্য থাকবে ভালো ক্রিকেট খেলা।কারণ, এর আগে আমরা যখন এখানে খেলেছিলাম, টেস্টে আমরা অতটা ভালো করতে পারিনি। গত চার বছরে আমরা যদি দেখি, এখানে দুইটা টেস্ট ম্যাচ খেলেছিলাম, কিন্তু জিততে পারিনি। আমাদের লক্ষ্য থাকবে জেতার এবং সবাই যেন পারফর্ম করতে পারে।’