চার ম্যাচের সবকটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে টেবিলে সবার উপরে মোহামেডান। সমান খেলায় ৯ পয়েন্ট নিয়ে দুইয়ে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী। এক ম্যাচ কম খেলা ব্রাদার্স ইউনিয়ন ৭ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে। বসুন্ধরা কিংস, বাংলাদেশ পুলিশ ও রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি ৬ পয়েন্ট পেলেও গোল পার্থক্যে যথাক্রমে চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ স্থানে আছে।
কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শুক্রবার (২০ ডিসেম্বর) দুপুরে ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় আবাহনী। ফল নির্ধারণী গোলটি করেন সুমন রেজা। গোটা ম্যাচে একের পর এক আক্রমণ গড়েও জালের দেখা পায়নি বসুন্ধরা কিংস। নীল জার্সিধারীরাও বেশ কয়েকটি সুযোগ সৃষ্টি করলেও ব্যবধান বাড়াতে পারেনি।
.png)
এদিকে, ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে হওয়া আরেক খেলায় ছিল মোহামেডানের দাপট। ইমানুয়েল টনির গোলে ৩১ মিনিটে সাদা-কালোরা লিড পায়। নয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ইমানুয়েল সানডে।
বিরতির আগে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে মো. আল আমিনের লক্ষ্যভেদে পুলিশ গোলের দেখা পায়। তবে দেশের ঘরোয়া ফুটবলের সুপারস্টার সোলেমান দিয়াবাতের ৭১ মিনিটে নিশানাভেদে অনায়াস জয় নিয়ে মাঠ ছাড়ে আলফাজ আহমেদের শিষ্যরা।