সোমবার (৬ জানুয়ারি) গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ ব্যাপারে খোলামেলা কথা বলেছেন ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন। বোর্ডের দুই কর্তার দ্বন্দ্ব ও লোভ-লালসা আসা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।
সুজন বলেন, ‘কালকের একটা ঘটনা দেখলাম ফারুক ভাই এবং ফাহিম ভাইয়ের দ্বন্দ্ব। এটা ব্যথা দেয়, দুজনেই সাবেক ক্রিকেটার। তাদের কেন ইগোর প্রবলেম হবে, তারা তো ক্রিকেটের উন্নয়নের জন্যই আসছে এবং তারা যখন আসে তাদের অনেক কমিটমেন্ট দেখেছি।’
.png)
‘বিশেষ করে ফাহিম ভাই অনেক ইন্টারভিউ দিয়েছিলেন। উনি অনেক সুদূরপ্রসারী প্ল্যান করছিলেন, দেখছেন অনেক কিছু চিন্তা করছেন। এখন এগুলো তো দেখতেছি আমি একটা লোভ লালসার মত হয়ে যাচ্ছে। অপারেশন্স না পেলে কাজ করবো না, পদত্যাগ করবো লোভ লালসা জাস্ট আমার মনে হয়।’
জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনয়ন পেয়ে বিসিবির পরিচালনা পর্ষদে যুক্ত হয়েছিলেন জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম। পরিস্থিতি বিবেচনায় জালাল পদত্যাগ করলেও সাজ্জাদুলকে সরিয়ে দেয় এনএসসি। তাদের দুজনের জায়গায় বিসিবিতে আসেন নাজমুল আবেদিন ও ফারুক আহমেদ।
ঢাকা ক্যাপিটালসের কোচ জানান, ফারুক ও ফাহিমের মধ্যে নাকি ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান হওয়া নিয়েই বিরোধ। তাদের মধ্যে নাকি ইগোর সমস্যা আছে। যদিও বিসিবিতে কী হচ্ছে এসব নিয়ে খুব বেশি কিছু জানেন না বলেও তিনি দাবি করেন।
‘উনার আগে তো আকরাম ভাই ক্রিকেট অপারেশনসের মাস্টার। উনি চাইতে পারে। কারণ আকরাম ভাই বাংলাদেশের ফরমার ক্যাপ্টেন এবং অপারেশন্সের চেয়ারম্যান ছিলেন। তাহলে উনি কেন বলতেছেন অপারেশনস ছাড়া হবেই না। এটা তো ইগোর ব্যাপার হয়ে যাচ্ছে। ফারুক ভাই-ফাহিম ভাই, আমার মনে হয় ইগোর সমস্যা। সত্যি কথা বলতেছি, এটা কী হচ্ছে আমি জানি না।’